ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আফটারশকের সতর্কতা

অনলাইন ডেস্ক
২ দিন আগে
জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আফটারশকের সতর্কতা
মধ্য জাপানে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ২২ জনের বেশি মানুষ আহত হয়েছেন। ভূমিকম্পের পর সম্ভাব্য আফটারশকের বিষয়ে সতর্ক করেছে দেশটির আবহাওয়া সংস্থা।

রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত ১টা ৪ মিনিটে পশ্চিম শিযুওকা প্রিফেকচারে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। ভূমিকম্পে বিভিন্ন দোকানের জানালার কাচ ভেঙে যায়। আতঙ্কে অনেক মানুষ ঘরবাড়ি ও ভবন ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

তবে ভূমিকম্পের কারণে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। উৎপত্তিস্থল থেকে দূরে হওয়ায় রাজধানী টোকিওতে কম্পন অনুভূত হয়নি।

জাপানের আবহাওয়া সংস্থা আগামী সপ্তাহে আরো ভূমিকম্পের আশঙ্কায় মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ করে পরবর্তী দুই থেকে তিন দিন শক্তিশালী কম্পন হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

সংস্থার কর্মকর্তা আয়াতাকা এবিতা সাংবাদিকদের বলেন, সম্ভাব্য ভূমিধস, পাথর পড়া ও বৃষ্টিপাতের প্রভাবের বিষয়ে সতর্ক থাকতে হবে।

ভূমিকম্পের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকটি লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বুলেট ট্রেনের গতিও কমিয়ে দেওয়া হয়।  সূত্র: এপি





কমেন্ট বক্স