ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নার্সিংহোমের শৌচাগারে সন্তান প্রসব, নবজাতককে জানালা দিয়ে ফেলে দিলেন ভারতীয় কিশোরী

অনলাইন ডেস্ক
৯ ঘন্টা আগে
নার্সিংহোমের শৌচাগারে সন্তান প্রসব, নবজাতককে জানালা দিয়ে ফেলে দিলেন ভারতীয় কিশোরী
ভারতের পশ্চিমবঙ্গের এক নার্সিংহোমের বাথরুমেই এক কিশোরীর সন্তান প্রসবের ঘটনা ঘটেছে। তবে, সন্তান প্রসবের পর তাকে জানালা দিয়ে বাইরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে কিশোরী মায়ের বিরুদ্ধে।

শনিবার (৭ নভেম্বর) পশ্চিমবঙ্গের হুগলীর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

উত্তরপাড়া পুলিশ স্টেশনের একজন কর্মকর্তা জানান, শুক্রবার (৬ নভেম্বর) রাতে ১৬ বছর বয়সী ওই কিশোরীকে নার্সিংহোমে নিয়ে আসেন তার স্বজনরা। হাসপাতালে আনার আগে ওই কিশোরী তার পরিবারের সদস্যদের পেটে তীব্র ব্যথার কথা জানিয়েছিলেন।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, শনিবার সকালে ওই কিশোরী পেটে ব্যথার কথা বলে নার্সিংহোমের বাথরুমে যান। সেখানে তিনি কারো সহায়তা ছাড়াই সন্তান প্রসব করেন।

নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, ওই কিশোরী তার নবজাতককে বাথরুমের জানালা দিয়ে ছুড়ে ফেলে দিয়েছেন।

পরবর্তীতে পাশের রাস্তায় রক্তাক্ত অবস্থায় ওই নবজাতককে পড়ে থাকতে দেখেন একজন পথচারী। তিনি নার্সিংহোম কর্তৃপক্ষকে জানালে তারা দ্রুত এসে শিশুটিকে নার্সিংহোমের ভেতর নিয়ে যান। তবে, ততক্ষণে শিশুটি মারা যায়। নবজাতকটি একটি মেয়েশিশু ছিল বলে জানিয়েছে পুলিশ।

তবে, ওই কিশোরীর পরিবারের দাবি তারা তার গর্ভাবস্থার বিষয়টি জানতেন না। ওই পুলিশ কর্মকর্তা বলেন, পরিবারের সদস্যরা ভেবেছিলেন এটা সাধারণ পেটব্যথা ছাড়া কিছুই না। আমরা তাদের দাবি যাচাই করছি।

নার্সিংহোমের মালিক সুচেতা মুখার্জী সাংবাদিকদের জানান, ওই কিশোরীকে তাদের নার্সিংহোমে শুক্রবার রাতে ভর্তি করা হয় এবং শনিবার সকালে তার রক্ত পরীক্ষা কর হয়।

তিনি বলেন, শনিবার সকালে তার পেটের ব্যথা তীব্র হলে সে নিজেই হেঁটে বাথরুমে যায়। সেখানে কারও সহায়তা ছাড়াই সে সন্তান প্রসব করে এবং জানালা দিয়ে নবজাতককে ফেলে দেয়।

ওই কিশোরীর মা সাংবাদিকদের বলেন, আমরা জানতামই না যে আমাদের মেয়ে অন্ত:সত্ত্বা। তার পেটব্যথার কথা জানার পরই আমরা তাকে এখানে নিয়ে আসি। আজ সকালে হাসপাতাল থেকে ফোন করে আমাদের এই ঘটনার কথা বলা হয়।

উত্তরপাড়া পুলিশ স্টেশনের ওই কর্মকর্তা বলেন, আমরা এই ঘটনার সবগুলো দিক তদন্ত করে দেখছি এবং তদন্তের ফল সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমরা নার্সিংহোমের সিসিটিভি ফুটেজগুলো পর্যবেক্ষণ করবো এবং এই ঘটনায় সম্ভাব্য জড়িতদের জিজ্ঞাসাবাদ করবো।

তিনি আরও জানান, মৃত নবজাতকেরও ময়নাতদন্ত করা হবে। 





কমেন্ট বক্স