ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা, ৮ প্রদেশে নিহত অন্তত ৭২

অনলাইন ডেস্ক
৬ ঘন্টা আগে
ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা, ৮ প্রদেশে নিহত অন্তত ৭২
ইয়েমেনে নতুন করে ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। দেশটির আটটি প্রদেশে চালানো ধারাবাহিক বিমান হামলায় অন্তত ৭২ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুথি গোষ্ঠী। হামলার তীব্রতায় বহু এলাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে গোষ্ঠীটি। রাজধানী সানার আশপাশের এলাকাগুলোতে হামলার ব্যাপকতা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

আল জাজিরার এক সংবাদদাতার তথ্যমতে, হুথিদের নিয়ন্ত্রণে থাকা রাজধানী সানার পূর্বাঞ্চলের বানি হুশাইশ এলাকায় বিমান হামলাগুলো সবচেয়ে বেশি কেন্দ্রীভূত ছিল। এ ছাড়া দেশের আরও সাতটি প্রদেশে হামলার খবর পাওয়া গেছে।

হুথি গোষ্ঠীর অভিযোগ, সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় বেসামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তাদের দাবি, হামলায় ব্যাপক প্রাণহানির পাশাপাশি বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের চূড়ান্ত সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হুথিদের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন। ফলে উদ্ধারকাজ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যা বাড়তে পারে।

অন্যদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই হামলার ঘটনায় ইয়েমেনের চলমান সংঘাত নতুন করে উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ সত্য হলে দেশটির সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়তে পারে। আল জাজিরা





কমেন্ট বক্স