ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালালে পতন অনিবার্য, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি তেহরানের

অনলাইন ডেস্ক
৫ ঘন্টা আগে
ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালালে পতন অনিবার্য, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি তেহরানের
যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ও রাজনৈতিক আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করে ওয়াশিংটনকে কঠোর বার্তা দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মুখপাত্র কমান্ডার আবুলফজল শেকারচি বলেছেন, ইরানের সুদৃঢ় সামরিক সক্ষমতা, অটল নেতৃত্ব এবং জনগণের ঐক্যের বিরুদ্ধে কোনো আগ্রাসী শক্তি দাঁড়ালে শেষ পর্যন্ত তাদের পতন অনিবার্য। তাঁর দাবি, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ, সামরিক হুমকি ও আগ্রাসনমূলক কৌশল ব্যর্থ হয়েছে। বরং এসব নীতির কারণে ওয়াশিংটন নিজেই রাজনৈতিক ও কৌশলগত সংকটে পড়েছে।

মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও নির্বাচনী পরিস্থিতি নিয়ে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন শেকারচি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে চলমান পরিবর্তন এবং বিভিন্ন ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর দলীয় সহযোগীদের ধারাবাহিক ব্যর্থতা কেবল অভ্যন্তরীণ রাজনীতির সাময়িক ওঠানামা নয়। বরং এটি শক্তিশালী ইরানের দৃঢ় সংকল্পের কাছে যুক্তরাষ্ট্রের পরাজয়ের বৃহত্তর বাস্তবতাকে প্রতিফলিত করছে।

ইরানের এই সামরিক মুখপাত্রের দাবি, আগ্রাসন, গুপ্তহত্যা, সর্বোচ্চ চাপ প্রয়োগ এবং অকার্যকর সামরিক কৌশলের মাধ্যমে তেহরানকে দুর্বল করার মার্কিন প্রচেষ্টা সফল হয়নি।

তিনি আরও বলেন, ইরানের প্রতিরোধমূলক সামরিক সক্ষমতা, নেতৃত্বের দৃঢ়তা, জনগণের ঐক্য এবং দেশটির সশস্ত্র বাহিনীর মনোবল এখন আন্তর্জাতিক পর্যায়েও আলোচনার বিষয়।

শেকারচি অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে মার্কিন নেতাদের শত্রুতাপূর্ণ নীতি এবং বিশ্বজুড়ে, বিশেষ করে পশ্চিম এশিয়ায় ওয়াশিংটনের ধারাবাহিক ব্যর্থতা যুক্তরাষ্ট্রের ক্ষমতার ভিত দুর্বল করে দিয়েছে।

তাঁর ভাষায়, মার্কিন নৌবহর ও সামরিক সরঞ্জামের কথিত শক্তিমত্তার অবক্ষয় এবং ওয়াশিংটনের হুমকিগুলো অকার্যকর হয়ে পড়ায় হোয়াইট হাউসের ক্ষমতার ভিত্তি কেঁপে উঠেছে।

তিনি আরও দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর সহযোগীরা ইরানকে ধ্বংস করার লক্ষ্য নিয়ে এগিয়েছিলেন। কিন্তু বাস্তব পরিস্থিতি উল্টো দিকে মোড় নিয়েছে। যুক্তরাষ্ট্র এখন কৌশলগত ক্ষয়, অভ্যন্তরীণ সংকট এবং ইরানের সশস্ত্র বাহিনী ও প্রতিরোধ অক্ষের চাপের মুখে পড়েছে।

ইরানের সামরিক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের কথিত কৌশলগত পরাজয় প্রমাণ করে যে বিশ্বক্ষমতার সমীকরণ সব সময় আধিপত্যবাদী শক্তিগুলোর অনুকূলে নির্ধারিত হয় না।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের শক্তি, দৃঢ় সংকল্প এবং ঐশী প্রেরণায় উজ্জীবিত প্রতিরোধের বিরুদ্ধে কোনো আগ্রাসী শক্তি অবস্থান নিলে শেষ পর্যন্ত তাদের জন্য পরাজয় ও অস্তিত্বসংকট অপেক্ষা করবে।

শেকারচির এই বক্তব্য এমন এক সময়ে সামনে এল, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক, রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে। বিশেষ করে পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং সামরিক শক্তির পাল্টাপাল্টি প্রদর্শন দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে।

তবে শেকারচির এসব বক্তব্য ইরানের সামরিক নেতৃত্বের অবস্থান ও রাজনৈতিক মূল্যায়ন তুলে ধরে। যুক্তরাষ্ট্রের প্রকৃত সামরিক বা রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে স্বাধীনভাবে যাচাই করা মূল্যায়ন হিসেবে এগুলোকে দেখা যাবে না। ইরনা





কমেন্ট বক্স