ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারীঘটিত অডিও-ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন আমির হামজা

অনলাইন ডেস্ক
৫১ মিনিট আগে
নারীঘটিত অডিও-ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন আমির হামজা
নারীঘটিত কথোপকথনের অডিও ও ভিডিও থাকার দাবি ঘিরে অবশেষে মুখ খুলেছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা। এ ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

সম্প্রতি বগুড়ার একটি ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যে আমির হামজা বলেন, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। রাশেদ খাঁনের দাবি প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ও আলেমদের বিরুদ্ধে কৃত্রিম অডিও তৈরি করে অপপ্রচার চালানো হয়েছিল।

আমির হামজা বলেন, আওয়ামী লীগ সরকারের সময় রিমান্ডে থাকাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা তাকে একটি অডিও শোনান। সেটিতে এক নারীর সঙ্গে কথা বলতে শোনা যাওয়া ব্যক্তির কণ্ঠ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বলে দাবি করা হয়েছিল। তার ভাষ্য, ওই সময় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে এমন অডিও তৈরি করা হয়েছিল।

তিনি আরও বলেন, এখন আবার আলেমদের বিরুদ্ধে একই ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা আলেমদের সম্মানহানির চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে বগুড়ার মাটিতে দাঁড়িয়ে আল্লাহর কাছে বিচার চেয়েছেন বলেও জানান তিনি।

বক্তব্যে আমির হামজা দাবি করেন, আল্লামা সাঈদীর বিরুদ্ধে একসময় বহু পৃষ্ঠার অভিযোগ তৈরি করা হয়েছিল, যার সঙ্গে বাস্তবতার মিল পাওয়া যায়নি। তার অভিযোগ, আলেমদের সত্য কথা বলা থেকে বিরত রাখতে এসব কর্মকাণ্ডের পেছনে ভারত জড়িত।

এর আগে গত ৬ নভেম্বর আমির হামজার কথোপকথনের একটি অডিও ফাঁসের দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, আমির হামজাকে ঘিরে নারীসংক্রান্ত কিছু অডিও ও ভিডিও তার হাতে এসেছে। সেগুলো ফ্যাক্ট চেক করে তথ্যের সত্যতা পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি কথোপকথনের কিছু অংশ প্রকাশ করে অডিওর লিংক কমেন্ট বক্সে যুক্ত করার কথা জানান।

ফাঁস হয়েছে বলে দাবি করা অডিওতে এক ব্যক্তিকে ক্ষমা চাওয়া ও অনুতপ্ত হওয়ার কথা বলতে শোনা যায়। সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার কথাও বলেন তিনি। অডিওতে ওই ব্যক্তির কণ্ঠ কার, তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।





কমেন্ট বক্স