ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানে ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের বড় সুবিধা

অনলাইন ডেস্ক
২১ মিনিট আগে
রমজানে ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের বড় সুবিধা
আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে ১০ ধরনের ভোগ্যপণ্য আমদানিতে বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব পণ্য আমদানির ক্ষেত্রে ঋণপত্র (এলসি) খোলার নগদ মার্জিন সর্বনিম্ন পর্যায়ে রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব তপশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, রমজান মাসে চাল, গম বা আটা, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুরের চাহিদা বেড়ে যায়। এ কারণে এসব পণ্যের আমদানি সহজ করা এবং বাজারে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এলসি খোলার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

এলসি খোলার নগদ মার্জিনের হার নির্ধারণের ক্ষেত্রে ব্যাংকগুলো গ্রাহকের সঙ্গে বিদ্যমান সম্পর্ক বিবেচনা করবে। অর্থাৎ, সংশ্লিষ্ট পণ্য আমদানিতে ব্যবসায়ীদের কাছ থেকে উচ্চ হারে নগদ অর্থ জমা না নিয়ে ন্যূনতম মার্জিনে এলসি খোলার সুযোগ দিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের আশা, এ সুবিধার ফলে আমদানিকারকদের প্রাথমিক আর্থিক চাপ কমবে। একই সঙ্গে রমজানে প্রয়োজনীয় পণ্যের আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা সহজ হবে, যা বাজারদর সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সহায়ক হতে পারে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে এবং ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত বহাল থাকবে।





কমেন্ট বক্স