রাজধানীর মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। ককটেলটি সরাসরি প্রাইভেটকারটির বনেটের ওপর পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়।
রোববার (৮ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে চড়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ঘটনাস্থলে আসে। এরপর তারা দ্রুতগতির প্রাইভেটকারটি লক্ষ্য করে ককটেল ছুড়ে মেরে তাৎক্ষণিকভাবে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।
তিনি জানান, সনি হলের সামনে একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তিনি নিজে ঘটনাস্থলে যাচ্ছেন জানিয়ে বলেন, সেখানে পৌঁছানোর পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।