ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিকেলে বসছে সংসদ অধিবেশন, উত্থাপিত হবে ৩ অধ্যাদেশ

অনলাইন ডেস্ক
৫৮ মিনিট আগে
বিকেলে বসছে সংসদ অধিবেশন, উত্থাপিত হবে ৩ অধ্যাদেশ
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে। এ অধিবেশনে তিনটি অধ্যাদেশ উত্থাপন করা হবে।

গত ১০ সেপ্টেম্বর সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়। এরপর গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চতুর্থ অধিবেশন আহ্বান করেন।

অধিবেশনে উত্থাপনের জন্য নির্ধারিত তিনটি অধ্যাদেশ হলো- পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ-২০২৬, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ-২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ-২০২৬। তৃতীয় ও চতুর্থ অধিবেশনের মধ্যবর্তী সময়ে এসব অধ্যাদেশ জারি করা হয়েছিল।

আজ বিকেলে শুরু হতে যাওয়া অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক বসবে।

রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কমিটির সদস্যরা অংশ নেন।

বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: চোরাচালান প্রতিরোধে ইতালি আরও কঠোর অবস্থান নেবে: রাষ্ট্রদূত

এ অধিবেশনে প্রধানমন্ত্রীকে উত্তর দেওয়ার জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীকে উত্তর দেওয়ার জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন জমা পড়েছে। সব মিলিয়ে প্রশ্নের সংখ্যা ৩ হাজার ৭৫১টি।

এ ছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ৯২টি এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিশ জমা পড়েছে।





কমেন্ট বক্স