ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের নরম সুরে বিশ্ববাজারে কমল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
৪৩ মিনিট আগে
ট্রাম্পের নরম সুরে বিশ্ববাজারে কমল তেলের দাম
ইরানের সঙ্গে সংঘাত বন্ধে আলোচনা এগিয়ে চলায় দেশটিতে নতুন করে বড় ধরনের হামলার আশঙ্কা কমেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যের পর সোমবার (৯ নভেম্বর) সকালে বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে। রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সোমবার গ্রিনিচ মান সময় রাত ১টা ৩৮ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের (অপরিশোধিত তেল) দাম ব্যারেলপ্রতি ৮৪ সেন্ট বা শূন্য দশমিক ৮৫ শতাংশ কমে ৯৭ ডলার ৪৮ সেন্টে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩২ সেন্ট বা শূন্য দশমিক ৩৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯০ ডলার ৫১ সেন্ট হয়।

এর আগে গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ১৭ শতাংশ কমেছিল। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) ১৯৮৮ সাল থেকে সংরক্ষিত তথ্য অনুযায়ী, করোনা মহামারি শুরুর পর এক সপ্তাহে তেলের দামে এটিই সবচেয়ে বড় পতনের রেকর্ড।

টেলিভিশন চ্যানেল সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তারা একটি শক্তিশালী চুক্তিতে সই করে কি না, তার ওপর সবকিছু নির্ভর করছে। আমার মনে হয়, নতুন করে হামলার প্রয়োজন হওয়ার সম্ভাবনা খুবই কম।’ কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার ট্রাম্পের এই বক্তব্যকে আগের তুলনায় অনেক বেশি সংযত বলে উল্লেখ করেছেন।

এদিকে বিনিয়োগ ব্যাংক জেপি মরগান শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্ববাজারে আবারও তেলের সরবরাহ চাহিদার চেয়ে বেশি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ স্বাভাবিক হওয়া এবং অন্যান্য দেশে উৎপাদন বাড়লেও চাহিদা কম থাকায় এই উদ্বৃত্ত তৈরি হয়েছে। সেপ্টেম্বরে বিশ্ববাজারে প্রতিদিন ১১ লাখ ব্যারেল তেলের উদ্বৃত্ত ছিল, যা অক্টোবরে বেড়ে প্রতিদিন ১৪ লাখ ব্যারেলে পৌঁছাতে পারে।

অন্যদিকে, রবিবার ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন আলজাজিরাকে জানান, হরমুজ প্রণালি দিয়ে ইরাকের তেল রপ্তানি অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা হয়েছে এবং ওমানের কাছাকাছি একটি নৌপথ ব্যবহার করা হবে। তিনি জানান, ইরানের সঙ্গে সংঘাতের কারণে এ পর্যন্ত ইরাকের ক্ষতির পরিমাণ ৬ হাজার কোটি ডলারে পৌঁছেছে।





কমেন্ট বক্স