বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার প্রভাব পড়েছে মূল্যবান ধাতুর বাজারে। বিশেষ করে স্বর্ণের দামে দেখা দিয়েছে বড় ধরনের উত্থান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত কমার সম্ভাবনা, মূল্যস্ফীতির চাপ নিয়ে উদ্বেগ হ্রাস এবং সুদের হারসংক্রান্ত প্রত্যাশার পরিবর্তনে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। একপর্যায়ে একদিনেই স্বর্ণের দাম বেড়েছে ১ দশমিক ৬ শতাংশের বেশি। একই সঙ্গে ঊর্ধ্বমুখী হয়েছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৮টা ২০ মিনিটে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১২৯ ডলার ৬৯ সেন্টে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্যও ১ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪ হাজার ১৩৯ ডলারে।
এর আগে গত সপ্তাহেও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ৫ শতাংশ বেড়েছিল।
রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। এতে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা কিছুটা কমেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের নতুন মূল্যস্ফীতির তথ্য এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পরবর্তী সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম বলে মন্তব্য করার পর থেকেই তেলের বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা যায়। অন্যদিকে সংঘাত বন্ধে আলোচনা অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কাও কমেছে।
বাজার বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের দাম কমলে মূল্যস্ফীতির ওপর চাপ হ্রাস পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। এর ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলোর দীর্ঘ সময় ধরে উচ্চ সুদের হার বজায় রাখার প্রয়োজনীয়তা কমতে পারে। সুদের হার কমার প্রত্যাশা সাধারণত স্বর্ণের বাজারের জন্য ইতিবাচক। কারণ, স্বর্ণে বিনিয়োগ থেকে সরাসরি কোনো সুদ পাওয়া যায় না। ফলে সুদের হার কমলে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ বাড়ে।
এদিকে সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে সুদের হার বাড়ার সম্ভাবনা বর্তমানে ৭৯ শতাংশ দেখছেন বাজারের ব্যবসায়ীরা। কর্মসংস্থানসংক্রান্ত তথ্য প্রকাশের আগে এই সম্ভাবনা ছিল ৭১ শতাংশ।
শুধু স্বর্ণ নয়, আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। সোমবার রুপার দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৩ ডলার ৩১ সেন্টে পৌঁছেছে। একই সময়ে প্লাটিনামের দাম বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম বেড়েছে ২ দশমিক ১ শতাংশ।
সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি, জ্বালানি তেলের বাজার এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদের নীতির ওপর নির্ভর করছে মূল্যবান ধাতুর বাজারের পরবর্তী গতিপথ।