ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাফ খেলতে পরিবার নিয়ে ঢাকায় পৌঁছালেন হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক
২০ মিনিট আগে
সাফ খেলতে পরিবার নিয়ে ঢাকায় পৌঁছালেন হামজা চৌধুরী
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম ম্যাচে ছিলেন না হামজা চৌধুরী। তাকে ছাড়াই টুর্নামেন্ট শুরু করে ভুটানকে হারিয়ে শুভসূচনা করে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর শ্রীলঙ্কা ও ভুটানের মধ্যকার ম্যাচটি ড্র হওয়ায় এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে জামাল ভূঁইয়াদের। তবে দলের সঙ্গে হামজার অনুপস্থিতি কিছুটা অপূর্ণতা তৈরি করেছিল সমর্থকদের মনে। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে পরিবারসহ ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশের এই তারকা ফুটবলার।

সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হামজাকে বহনকারী ফ্লাইট। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে সরাসরি দলের হোটেলে চলে যান তিনি।

বিমানবন্দরে হামজাকে স্বাগত জানান জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটি ও জাতীয় দল কমিটির সদস্য ইমতিয়াজ হামিদ (সবুজ)। এ সময় হামজার সঙ্গে ছিলেন তার মা, বোন, স্ত্রী ও সন্তানরাও।

আজ বিকেলেই জাতীয় দলের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে হামজার। আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দলের সঙ্গে হামজার যোগ দেওয়া নিঃসন্দেহে স্বস্তি দেবে কোচ ও সমর্থকদের। তার উপস্থিতিতে দলের আক্রমণভাগ আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা থাকবে।

ক্লাব ফুটবলে শেফিল্ড ইউনাইটেডের ব্যস্ত সূচির কারণে ভুটানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে খেলতে পারেননি হামজা। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে তার দলে যোগ দেওয়া বাংলাদেশের জন্য বড় স্বস্তির খবর।





কমেন্ট বক্স