ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে

অনলাইন ডেস্ক
৩১ মিনিট আগে
তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। ভোরের কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসে জেলায় ধীরে ধীরে বাড়ছে শীতের অনুভূতি। বিশেষ করে সকালে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ পড়ছেন ভোগান্তিতে।

সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আগের দিন রোববার একই সময়ে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমেছে ১ দশমিক ৫ ডিগ্রি।

সকালে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় কৃষক, দিনমজুর, চা ও পাথরশ্রমিক এবং ভ্যানচালকদের কাজে বের হতে দেখা গেছে। ঠান্ডা থেকে রক্ষা পেতে অনেকেই ব্যবহার করছেন চাদর ও শীতের পোশাক।

অটোভ্যানচালক তরিকুল ইসলাম জানান, সকালে গাড়ি নিয়ে বের হলে ঠান্ডা বাতাসে শরীর কাঁপে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের কারণে কিছুটা উষ্ণতা ফিরে আসে।

চা শ্রমিক আবদুল খালেক জানান, বাগানে কাজ করতে এখন সকালে গরম কাপড় সঙ্গে নিতে হচ্ছে।

এদিকে তাপমাত্রা কমতে শুরু করায় স্থানীয় বাজারগুলোতে বেড়েছে শীতের পিঠার আয়োজন।

সন্ধ্যার পর ভাপা, চিতই ও পাকান পিঠার দোকানগুলোতে ক্রেতাদের আনাগোনা বাড়ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, হিমালয় ও কাঞ্চনজঙ্ঘার কাছাকাছি অবস্থানের কারণে এ অঞ্চলে হিমেল বাতাস ও কুয়াশার প্রভাবে তাপমাত্রা কমছে। সোমবার সকালে বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি পর্যন্ত শীতের প্রকোপ আরও বাড়তে পারে।

তাপমাত্রার পরিবর্তনে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, এ সময়ে অনেকে সর্দি-কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। এ পরিস্থিতিতে শিশু ও বয়স্কদের বাড়তি সতর্কতা ও যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।





কমেন্ট বক্স