ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনায় ফিরছেন লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক
৫০ মিনিট আগে
আর্জেন্টিনায় ফিরছেন লিওনেল মেসি
আর্জেন্টিনার মাটিতে আবারও ফিরতে পারেন লিওনেল মেসি। তবে, এবার জাতীয় দলের জার্সিতে নয়, ইন্টার মায়ামির হয়ে। প্রাক্‌-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে বুয়েনস আইরেস সফরের পরিকল্পনা করছে ইন্টার মায়ামি। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৯ জানুয়ারি ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে হতে পারে ম্যাচটি।

যদিও এখনো দুই ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ম্যাচটি আয়োজনের বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম।

ম্যাচটি মাঠে গড়ালে মেসির জন্য বিশেষ এক প্রত্যাবর্তন হবে এটি। গত ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচে এই মনুমেন্তাল স্টেডিয়ামেই আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে বিদায় জানিয়েছিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। কয়েক মাসের ব্যবধানে সেই পরিচিত মাঠেই আবার ফিরতে পারেন তিনি। এবার অবশ্য প্রতিপক্ষের ভূমিকায়, ইন্টার মায়ামির গোলাপি জার্সিতে।

রিভার প্লেটের সঙ্গে মেসির সম্পর্কও বেশ গভীর। জাতীয় দলের হয়ে বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টাইন মহাতারকাকে বিশেষ সম্মান জানায় ক্লাবটি। রিভার প্লেটের সভাপতি মেসির হাতে তুলে দেন সম্মানসূচক সদস্যপদ কার্ড, স্মারক এবং ক্লাবের ১২৫ বছর পূর্তি উপলক্ষে তৈরি বিশেষ ১০ নম্বর জার্সি।

জবাবে বেনিনের বিপক্ষে ম্যাচে পরা নিজের জার্সিটি ক্লাবকে উপহার দেন মেসি। সমর্থকদের উদ্দেশে বার্তাসহ স্বাক্ষর করা সেই জার্সি বর্তমানে রিভার প্লেটের জাদুঘরে সংরক্ষিত রয়েছে।





কমেন্ট বক্স