ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে দলবদ্ধ ধর্ষণ মামলায় ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড‎

অনলাইন ডেস্ক
১ ঘন্টা আগে
ফরিদপুরে দলবদ্ধ ধর্ষণ মামলায় ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড‎
ফরিদপুরের সদর উপজেলার ধলার মোড়ের পালডাঙ্গী বন্ধুর সঙ্গে দেখা করতে আসা এক তরুণীকে আটকে রেখে চরে কাশবনে দলবদ্ধ ধর্ষণ ও মোবাইল ফোনে ভিডিও ধারণের চাঞ্চল্যকর মামলায় ৮ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৯ নভেম্বর) ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন। রায়ে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(৩) ধারায় অপরাধীদের দোষী সাব্যস্ত করে প্রত্যেককে আমৃত্যু কারাদণ্ড এবং একই সঙ্গে প্রত্যেককে ভিন্ন ভিন্ন ভাবে ২ লাখ টাকা করে অর্থদণ্ড প্রদানের আদেশ দেন। এ সময়ে আদালতে আসামিরা উপস্থিত ছিলেন। পরে তাদেরকে পুলিশ পাহারায় কারাগারে নিয়ে যাওয়া হয়।
‎
‎এই মামলার দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মো. শাহীন শেখ (২৭), জয় শেখ (২৬), রহিম মোল্লা (২৬), মনির শেখ (৩১), হৃদয় খা (২৬), ইলিয়াস শিকদার (৩২), মোস্তাক শেখ (৩১) এবং রিয়াজ শিকদার (২৬)। আসামিরা সবাই ফরিদপুর কোতোয়ালী থানা এলাকার বাসিন্দা।
‎
‎মামলার এজাহার ও বিবরণ সূত্রে জানা যায়, গত ২০১৯ সালের ২৫ ডিসেম্বর ধলার মোড়ের বন্ধুর সঙ্গে দেখা করতে আসে এ সময় বন্ধু আসতে দেরি করা পদ্মা নদীর পাশে কাশবনে ঘুরতে যায়। আসামিরা দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে ফরিদপুরের সদর উপজেলার ধলার মোড় সংলগ্ন পালডাঙ্গী চরের কাশবনের ভেতরে এক অজ্ঞাতনামা তরুণীকে জোরপূর্বক আটকে রাখে আসামিরা। সেখানে আসামিরা ওই তরুণীকে দলবদ্ধভাবে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ঘটনার একটি ২৩ সেকেন্ডের ভিডিও চিত্র ধারণ করে। ঘটনার পর আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।
‎
‎পরবর্তীতে ঘটনার একটি ভিডিও ক্লিপ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে গেলে তৎপরতা শুরু করে। এরপর ২০২০ সালের ৬ আগস্ট পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মূল আসামি শাহীন শেখকে গ্রেফতার করে। সে সময়ে ডিবি পুলিশের উপপরিদর্শক ফরহাদ হোসেন বাদী হয়ে এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালী থানা একটি মামলা করেন। পরবর্তীতে শাহীনের দেওয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ অন্য আসামিদের শনাক্ত ও তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। বিজ্ঞ আদালত দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে রায় প্রদান করেন।
‎
‎রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন জানান, এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবার ও সমাজ ন্যায়বিচার পেয়েছে। চরের ভেতরে নারীদের নিরাপত্তা বিঘ্নিতকারী এই জঘন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি সমাজে অপরাধ প্রবণতা কমাতে ভূমিকা রাখবে।





কমেন্ট বক্স