ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কারাবন্দি গাজী নজরুলের বিষয়ে সংসদকে অবহিত করলেন স্পিকার

অনলাইন ডেস্ক
১১ মিনিট আগে
কারাবন্দি গাজী নজরুলের বিষয়ে সংসদকে অবহিত করলেন স্পিকার
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলাম আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। বর্তমানে তিনি কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে তার গ্রেপ্তার ও কারাবন্দি থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্যদের অবহিত করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

এদিন ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধি অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো একটি চিঠির তথ্য তুলে ধরেন স্পিকার।

তিনি বলেন, ‘সাতক্ষীরা-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের গ্রেপ্তারসংক্রান্ত তথ্য এই সংসদকে অবহিত করতে চাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংসদ সদস্য জিএম নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে মর্মে একটি পত্র গত ১০ নভেম্বর পাওয়া গেছে।’

স্পিকার বলেন, ‘কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধি অনুযায়ী ১৭২ বিধির আলোকে পত্র পাওয়ার পর সংসদ অধিবেশন চলমান থাকলে তা যথা শিগগিরই সংসদে পাঠ করার বিধান রয়েছে। আমি এখন কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধি অনুযায়ী প্রাপ্ত পত্রের সংশ্লিষ্ট অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি।’

চিঠির তথ্য তুলে ধরে তিনি বলেন, ‘মাননীয় সংসদ সদস্য জিএম নজরুল ইসলামকে শেরেবাংলা নগর থানায় গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রুজু করা ১৬৯৫ নম্বর জিডির সূত্র ধরে শেরেবাংলা নগর থানা পুলিশের একটি মামলায় পরবর্তী কার্যক্রমের জন্য শেরেবাংলা নগর থানাধীন মানিক মিয়া অ্যাভিনিউ এলাকার ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর বাসা থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়।’

তিনি আরও বলেন, ‘পরবর্তীতে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর ৩০৬ ধারায় এজাহার দায়ের করা হয়। যার মামলা নম্বর ১৬ এবং জিআর নম্বর ১৯৭। ওই মামলার পরিপ্রেক্ষিতে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তাকে গ্রেপ্তার করে। পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

স্পিকার জানান, ‘বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে বন্দি আছেন। বিষয়টি কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধি অনুযায়ী সংসদ সদস্যদের অবহিত করা হলো।’

এর আগে গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে আলোচনায় আসেন জি এম নজরুল ইসলাম। পরে তিনি ওই তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী মরিয়ম বলে পরিচয় দেন। এ ঘটনায় নৈতিক স্খলনের অভিযোগে তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়। দলটি এ সিদ্ধান্তের কথা সংসদ ও নির্বাচন কমিশনকেও চিঠি দিয়ে জানায়।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে জি এম নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এসএম মাসুম বিল্লাহ। 





কমেন্ট বক্স