ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিতে ব্যাগভর্তি ককটেল, ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিট

অনলাইন ডেস্ক
১৭ মিনিট আগে
ঢাবিতে ব্যাগভর্তি ককটেল, ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিট
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় দুজনকে আটকের পাশাপাশি টিএসসি এলাকায় ককটেলভর্তি একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে ককটেল পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে পৌঁছেছে বোম ডিসপোজাল ইউনিট।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দুজনকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা।

জানা গেছে, সন্ধ্যায় মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন দুই যুবক। এ সময় আশপাশে থাকা লোকজন ধাওয়া করে দুজনকে আটক করেন। পরে তাদের শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তারা হলেন- আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও সালেহীন দিপু (২৭)।

এর আগে রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ওই ঘটনায় তিনজনকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এ নিয়ে টানা দুই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল। 





কমেন্ট বক্স