ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক ও ব্যবসায়ী এম এ জলিল অনন্ত এবং তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা পাওনা আদায়ে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। অনন্ত জলিলের মালিকানাধীন এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণের অর্থ পরিশোধে দেওয়া চেক প্রত্যাখ্যাত হওয়ার পর এ নোটিশ পাঠানো হয়।
ব্যাংকের নোটিশ অনুযায়ী, ২০২৪ সালের ২৮ আগস্ট এবি অ্যাপারেলস লিমিটেডের ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার একটি মেয়াদি ঋণ পুনঃতপশিল করা হয়। পরবর্তী সময়ে ঋণের আংশিক অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ২০২৬ সালের ১৮ অক্টোবর ব্যাংককে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অনন্ত জলিল। তবে গত ২ নভেম্বর হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়।
নোটিশে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে পাওনা অর্থ পরিশোধ না করলে অনন্ত জলিল ও খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারার উল্লেখ করা হয়েছে।
ব্যাংকের আইনি নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে অনন্ত জলিল গণমাধ্যমকে বলেন, করোনাকালে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকলেও কারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে সেই ঋণের সঙ্গে সুদ যুক্ত হয়ে দেনার পরিমাণ অনেক বেড়েছে। বর্তমান পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে ব্যাংকের সহযোগিতা প্রয়োজন বলেও মনে করেন এই ব্যবসায়ী।
এদিকে ব্যাংকঋণের পাশাপাশি গ্যাস বিল বকেয়া ও গ্যাস চুরির অভিযোগেও সংকটে পড়েছে অনন্ত জলিলের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো। এসব অভিযোগে তার মালিকানাধীন এজেআই গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
শত শত কোটি টাকার ঋণের বোঝায় একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে তার মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠান। এতে কর্মহীন হয়ে পড়েছেন ১০ হাজারের বেশি শ্রমিক। ব্যবসা সচল রাখতে দেশি-বিদেশি বিনিয়োগকারী ও অংশীদার খুঁজেও আশানুরূপ সাড়া পাননি অনন্ত জলিল। এমনকি কারখানাগুলো ভাড়া দেওয়ার উদ্যোগ নিয়েও সফল হননি।
এজেআই গ্রুপ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তৈরি পোশাকশিল্পে ব্যবসা শুরু করেন অনন্ত জলিল। ধীরে ধীরে গড়ে তোলেন একাধিক শিল্পপ্রতিষ্ঠান। ২০১০ সালে চলচ্চিত্রে নাম লেখানোর পর স্ত্রী অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষাকে নিয়ে অভিনয় করেন ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমায়। পরবর্তী সময়ে বর্ষাকে ব্যবস্থাপনা পরিচালক করে প্রতিষ্ঠা করেন এবি অ্যাপারেলস লিমিটেড।
অনন্ত জলিলের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ব্যবসা টিকিয়ে রাখতে একাধিক চীনা উদ্যোক্তার সঙ্গেও আলোচনা করেছিলেন তিনি। তবে কোনো পক্ষ থেকেই প্রত্যাশিত সাড়া মেলেনি।
চলচ্চিত্রে সময় দেওয়ার কারণেই কি ব্যবসায়িক সাম্রাজ্যে এই সংকট তৈরি হয়েছে? এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি অনন্ত জলিল। তার ভাষ্য, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ নানা প্রতিকূল পরিস্থিতির কারণে ব্যবসায়িকভাবে এই সংকটে পড়েছেন তিনি।
কমেন্ট বক্স