ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ১১ কারখানায় ছুটি ঘোষণা

অনলাইন ডেস্ক
১৪ ঘন্টা আগে
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ১১ কারখানায় ছুটি ঘোষণা
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের মুখে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১১টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এসব কারখানায় ছুটি দেওয়া হয়। এদিকে শ্রমিকদের বিক্ষোভ ঘিরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে অধিকাংশ তৈরি পোশাক কারখানা খুলে দেওয়া হয়। এ সময় শ্রমিকেরা কাজে যোগ দেন। তবে কোনাবাড়ী এলাকার রিপন নীটওয়্যার লিমিটেড এবং কাশিমপুরের মন্ডল গ্রুপের শ্রমিকেরা বিক্ষিপ্তভাবে জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেন।

এরপর সকাল সাড়ে ১০টার দিকে ইসলামপুর এলাকায় নর্প ইন্ডাস্ট্রির শ্রমিকেরা ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলন শুরু করেন। এ পরিস্থিতিতে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। একপর্যায়ে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় গিয়ে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন। এ সময় আশপাশের কারখানার শ্রমিকদেরও আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান তারা।

শ্রমিকদের জমায়েত বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নাওজোড়, ইটাহাটা, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকার ১১টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে গেলেও কিছু শ্রমিক মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন। তারা নাওজোড় থেকে মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় গিয়ে অবস্থান নেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, সকাল থেকে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে শ্রমিকদের বিক্ষোভের মুখে অপ্রীতিকর ঘটনা এড়াতে ১১টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি বিবেচনায় শিল্প পুলিশ ও থানা-পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি, আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন।





কমেন্ট বক্স