ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় আইএইএ প্রধান নীরব, ইউক্রেনের ঘটনায় সরব: ইরান

অনলাইন ডেস্ক
১৪ ঘন্টা আগে
ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় আইএইএ প্রধান নীরব, ইউক্রেনের ঘটনায় সরব: ইরান
পারমাণবিক স্থাপনায় হামলার নিন্দা জানানোর ক্ষেত্রে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসির দ্বিমুখী অবস্থানের সমালোচনা করেছে ইরান।

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা (আইআরআইবি) জানিয়েছে, ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত ইরানের প্রতিনিধি দল পারমাণবিক স্থাপনায় হামলার নিন্দা জানানোর ক্ষেত্রে আইএইএ মহাপরিচালকের দ্বিমুখী অবস্থানের সমালোচনা করেছে।

এক বিবৃতিতে ইরানের প্রতিনিধি দল বলেছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যখন বোমা হামলা চালানো হয়েছিল, তখন গ্রোসি বলেছিলেন, এ ধরনের হামলার নিন্দা জানানো তার দায়িত্বের আওতাভুক্ত নয়।

বিবৃতিতে ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একজন কর্মীর নিহত হওয়ার ঘটনায় গ্রোসির নিন্দা জানানোর একটি ছবির প্রসঙ্গও তুলে ধরা হয়।

ইরানের প্রতিনিধি দল আরও বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা যখন ইরানের শান্তিপূর্ণ ও সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হানে, যা আইএইএর ইতিহাসে ছিল নজিরবিহীন, কিংবা ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করা হয়, তখন এসব ঘটনার কোনো নিন্দা জানাননি গ্রোসি।

বিবৃতিতে বলা হয়, ওই সময় আইএইএর মহাপরিচালক মনে করেছিলেন, এ ধরনের ঘটনার নিন্দা জানানো তার দায়িত্বের ‘আওতা’ ও ‘কাজের’ মধ্যে পড়ে না। সূত্র: পার্সটুডে





কমেন্ট বক্স