খুলনা ও খাগড়াছড়িতে বিএনপির কার্যালয়ে আগুন, গাড়ি ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। একই সঙ্গে খাগড়াছড়ির বিভিন্ন সড়কে গাছ কেটে যান চলাচলে বাধা সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় দুই জেলায় উদ্বেগ তৈরি হয়েছে। খাগড়াছড়িতে সন্দেহভাজন আটজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
মঙ্গলবার মধ্যরাত থেকে ভোরের দিকে এ ধরনের ঘটনার তথ্য পাওয়া গেছে।
খুলনা
মোটরসাইকেলে এসে খুলনার বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র কার্যালয়ে আগুন দেয়া হয়েছে। মঙ্গলবার ভোর রাতে উপজেলার জলমা এলাকায় ৮ নম্বর ওয়ার্ডের দারোগার ভিটার সামনে এ ঘটনা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ফজরের নামাজে দু’জন যুবক মোটরসাইকেলে এসে উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে দাড়ায়।
এর কিছুক্ষণ পর অফিসের সামনে থাকা ব্যানারে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তাদের দু’জনের মুখে মুখোশ পরা ছিল বলে তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের সহায়তায় আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ এসএম মিজানুর রহমান বলেন, দু’জন যুবক ব্যানারে আগুন দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। আমরা মাঠে রয়েছি। এ ঘটনার তদন্ত চলছে। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের কোনো রকমের ছাড় দেওয়া হবে না।
খাগড়াছড়ি
খাগড়াছড়ির গুইমারায় বিএনপির একটি কার্যালয়ে এবং জেলা শহরের পানখাই পাড়া সড়কে দাঁড়িয়ে থাকা একটি জিপ গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে জেলার বিভিন্ন সড়কে গাছ কেটে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরির ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় সন্দেহভাজন আটজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) মধ্যরাতে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়। এতে কার্যালয়ের আসবাবপত্রসহ পুরো স্থাপনা পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ছাড়া রাত আড়াইটার দিকে খাগড়াছড়ি শহরের পানখাই পাড়া সড়কে কেএসটিসি হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি চাঁদের গাড়িতে (জিপ) আগুন দেওয়া হয়। এতে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।
গাড়িটির মালিক মোহাম্মদ শাহীন জানান, রাতের আঁধারে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত তার গাড়িতে আগুন দেয়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় পাঁচ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন আটজনকে হেফাজতে নেওয়া হয়েছে।
এদিকে, সোমবার মধ্যরাতে জেলার দীঘিনালা সড়কের সাত মাইল এবং মাটিরাঙা সড়কের রিছাং ঝরনা এলাকায় গাছ কেটে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
অন্যদিকে, আলুটিলার কাছেও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার খবর পাওয়া গেছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা জিপ গাড়িটিতে আগুন দিয়েছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।