এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত এক নারীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের অভিযোগ ঘিরে যুক্তরাষ্ট্রে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে চীনে উন্নত প্রযুক্তির চিপ রপ্তানি সীমিত করা নিয়ে ওয়াশিংটনের রাজনৈতিক বিভাজন আরও তীব্র হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ও ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এনভিডিয়ার সাবেক কর্মকর্তা অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল বলে অভিযোগ উঠেছে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই নারীকে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় নিয়োগ দিয়েছিল।
তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগকে ভিত্তিহীন ও অনুমাননির্ভর বলে প্রত্যাখ্যান করেছে। এ বিষয়ে অ্যালিস হুয়াং প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
এদিকে, অভিযোগের পরিপ্রেক্ষিতে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তদন্ত শুরু করেছে। প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেনসেন হুয়াং তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এ সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা এফবিআইও খতিয়ে দেখছে।
দীর্ঘদিন ধরেই চীনে উন্নত প্রযুক্তির চিপ রপ্তানির ওপর বিধিনিষেধ শিথিলের পক্ষে অবস্থান নিয়ে আসছেন জেনসেন হুয়াং। তার যুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) এগিয়ে যাওয়ার মতো সক্ষমতা চীন ইতোমধ্যে অর্জন করেছে। বরং দেশটিতে মার্কিন প্রযুক্তির ব্যবহার বাড়লে বৈশ্বিক প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রের আধিপত্য ধরে রাখা সহজ হবে।
তবে নতুন এই বিতর্ককে কেন্দ্র করে চীনে চিপ রপ্তানিতে আরও কঠোর বিধিনিষেধ আরোপের দাবি তুলেছেন মার্কিন আইনপ্রণেতারা। ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন ও রিপাবলিকান সিনেটর জিম ব্যাংকস উন্নত এআই চিপ রপ্তানি তদারকিতে নতুন আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন।
পাশাপাশি চিপের অবস্থান শনাক্ত করে অবৈধ পাচার ঠেকাতে ‘চিপ সিকিউরিটি অ্যাক্ট’ পাসের দাবিও উঠেছে।
বিশ্লেষকদের মতে, জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে নেতিবাচক কোনো তথ্য সামনে এলে চীনে চিপ রপ্তানি সীমিত করার পক্ষের আইনপ্রণেতারা আরও শক্ত অবস্থান নিতে পারেন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ হয়ে চীনে উন্নত প্রযুক্তির চিপ পৌঁছানোর ঘটনা রপ্তানি নিয়ন্ত্রণের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছে।
সূত্র: আল জাজিরা