ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করলেন ছাত্রদল নেতা

অনলাইন ডেস্ক
৯ ঘন্টা আগে
ঢাবিতে ককটেল বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করলেন ছাত্রদল নেতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় গোয়েন্দা সংস্থা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রদল নেতা তানভীর আল হাদী মায়েদ। তাদের ব্যর্থতার কারণেই ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তৎপরতা এখনো বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ- ২০২৫ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ।

এছাড়াও, তানভীর বিজয় একাত্তর হল শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক।

পোস্টে তিনি লেখেন, “গোয়েন্দা সংস্থা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখনও ছাত্রলীগ জীবিত রয়ে গেছে। ক্লাস চলাকালে একাডেমিক এরিয়ায় ককটেল বিস্ফোরণ করেছে লীগের সন্ত্রাসীরা।”

ছাত্রদলের ভূমিকার কথা তুলে ধরে তিনি আরো লেখেন, “ছাত্রসমাজকে নিয়ে ছাত্রদল ক্যাম্পাসের নিরাপত্তায় সাহসী ও শক্তিশালী ভূমিকা না রাখতে পারলে এতোক্ষণে ক্যাম্পাস লীগের দখলে চলে যেতো।”

প্রসঙ্গত, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ (এফবিএস) ও শ্যাডো এলাকায় পৃথক দুটি বিস্ফোরণের ঘটনায় দুজন আহত হন। এছাড়া, সোমবার সন্ধ্যায় মেট্রোরেল স্টেশনের নিচে বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয় জনতা।
এসব ঘটনার পর ক্যাম্পাসের নিরাপত্তাব্যবস্থা নিয়ে শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিস্ফোরণের ঘটনাগুলোর সঙ্গে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ তুলেছে বিভিন্ন ছাত্রসংগঠন। তবে, এসব ঘটনায় কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।





কমেন্ট বক্স