জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের ডালপালা কাটার কাজের জন্য বুধবার (১১ নভেম্বর) দেশের কয়েকটি এলাকায় নির্দিষ্ট সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রংপুরের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। এ ছাড়া রাজশাহীর কিছু এলাকাতেও কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
নেসকোর সংশ্লিষ্ট বিক্রয় ও বিতরণ বিভাগের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নেসকোর রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি টাউন ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলো হলো- বালাপাড়া কবরস্থান, বন বিভাগ মোড়, বিএনসিসি মোড়, দর্শনা, সূত্রপুর, বালাপাড়া বাবুখা রোড, বিনোদপুর, শিশু পরিবার, আর কে রোড ও টার্মিনাল এলাকা।
নেসকো জানিয়েছে, ১১ কেভি ফিডারের ১১/০.৪ কেভি লাইনের পাশে থাকা গাছের শাখা-প্রশাখা কর্তন এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখা হবে।
অন্যদিকে, রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন কয়েকটি এলাকাতেও বুধবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নেসকোর বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি নওহাটা ফিডারের আওতায় সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় বিদ্যুৎবিহীন এলাকাগুলো হলো- দুয়ারীগ্রাম, পশ্চিম বাঘহাটা, কলেজ মোড়, পুঠিয়াপাড়া, নওহাটা বাজার, সাহাপাড়া ও আশপাশের এলাকা।
সাময়িক এ বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।