ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৪ ঘন্টা আগে
শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর আগ থেকেই ইনজুরি সমস্যায় ভুগছে বাংলাদেশ দল। প্রবাসী ফুটবলার রোনান সুলিভান চোটের কারণে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসতে পারেননি। ভুটানের বিপক্ষে ম্যাচে একাদশ ঘোষণার পরও ইনজুরির কারণে খেলতে পারেননি তপু বর্মণ। এবার চোটের থাবায় পড়েছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ।

সোমবার (৯ নভেম্বর) অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন বিশ্বনাথ। তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসা দেন দলের ফিজিও। তবে মঙ্গলবার জাতীয় দলের অনুশীলনে যোগ দেননি তিনি। ফলে আগামীকালের ম্যাচে তার খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

বিশ্বনাথ দলের সঙ্গে হোটেলেই অবস্থান করছেন। আগামীকালের ম্যাচে খেলতে না পারলেও পরবর্তী ম্যাচগুলোর আগে সুস্থ হয়ে উঠলে তাকে মাঠে নামাতে পারেন কোচ। এর আগে গত সেপ্টেম্বরে ইনজুরির কারণে আসিয়ান কাপেও খেলতে পারেননি এই ফুটবলার।

বিশ্বনাথ মূলত ডিফেন্ডার হলেও হামজা-জামালদের নতুন কোচ থমাস ডুলি তাকে আগের ম্যাচে ফরোয়ার্ড পজিশনে খেলিয়েছিলেন। ক্যাম্পের শুরু থেকেই তাকে এই পজিশনে অনুশীলন করানো হচ্ছিল। এখন বিশ্বনাথের ইনজুরিতে নতুন করে পরিকল্পনা সাজাতে হচ্ছে কোচকে।

আগামীকালের ম্যাচের একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশ্বনাথের জায়গায় আগের ম্যাচের জয়সূচক গোলদাতা ইব্রাহিমের খেলার সম্ভাবনা বেশি।

এদিকে ফিফা উইন্ডোতে দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা চৌধুরী ও ফারহান। ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এখন কোচ থমাস ডুলি হামজা ও ফারহানকে কীভাবে একাদশে বা ম্যাচ পরিকল্পনায় ব্যবহার করেন, সেটিই দেখার বিষয়।





কমেন্ট বক্স