ঢাকার সাভার ও আশুলিয়ায় নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করেছেন কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার (১১ নভেম্বর) সকালে আন্দোলনরত শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আজ সকালে সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ার জামগড়া এলাকায় শ্রমিকরা কারখানাগুলোতে কাজে যোগ দেন। এ সময় হেমায়েতপুর ও জামগড়া এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করে দাবি আদায়ে কর্মবিরতি পালন শুরু করেন।
শ্রমিকদের কর্মবিরতির কারণে সকাল সাড়ে ৯টার দিকে জামগড়া এলাকার কয়েকটি কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেন। এ সময় শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে এসে সড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় কয়েক দফা পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
অপরদিকে, সকাল ১০টার পর প্রায় একই পরিস্থিতির সৃষ্টি হয় সাভারের হেমায়েতপুর এলাকায়। সেখানে কয়েকটি কারখানার শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে জড়ো হয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সার্বিক পরিস্থিতি বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়ার বক্তব্য পাওয়া যায়নি।