দীপাবলির আনন্দ মুহূর্তেই রূপ নিল রক্তক্ষয়ী সংঘর্ষে। উৎসবের রাতে বাজি ফোটানোকে কেন্দ্র করে বিরোধের জেরে গুলিবিদ্ধ হয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেহরক্ষী বাহিনীর এক সেনাসদস্য। উত্তর প্রদেশের বাগপত জেলায় ঘটে যাওয়া এ ঘটনায় ২৬ বছর বয়সী ওই সেনাসদস্যের মাথায় গুলি লাগে। অস্ত্রোপচার করে গুলি বের করা হলেও বর্তমানে আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আহত সেনাসদস্যের নাম সৌরভ তোমার। তিনি মিরাটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, দীপাবলির রাতে বাড়ির বাইরে দুই ভাই বিনীত ও মিন্টুর সঙ্গে বাজি ফোটাচ্ছিলেন সৌরভ। এ সময় গ্রামের দুই বাসিন্দা ধীরাজ এবং তাঁর ভাই মনু ওরফে প্রবীণের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে সামান্য এই বিরোধ সহিংসতায় রূপ নেয়। অভিযোগ, উত্তেজনার মধ্যে ধীরাজ দেশীয় পিস্তল বের করে গুলি ছোড়েন। গুলিটি প্রথমে একটি দেয়ালে আঘাত করে। পরে সৌরভের কানের পেছনের অংশে মাথায় লাগে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
এদিকে ধীরাজের ভাই মনু ওরফে প্রবীণ লাঠি নিয়ে বিনীতের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। পাল্টাপাল্টি সংঘর্ষের সময় মিন্টুও লাঠি দিয়ে প্রবীণকে আঘাত করেন বলে জানা গেছে। এতে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উপস্থিত লোকজন দিগ্বিদিক ছুটতে থাকেন। পরে অভিযুক্ত দুই ভাই ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
স্থানীয় বাসিন্দাদের দাবি, দুই পক্ষের মধ্যে আগে থেকেই পরিচয় ছিল। তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও ছিল এবং প্রায়ই একসঙ্গে সময় কাটাতেন তাঁরা।
তবে প্রায় দুই মাস আগে তাঁদের মধ্যে একটি বিরোধের ঘটনা ঘটেছিল বলে জানা গেছে। সেই পুরোনো বিরোধের সঙ্গে দীপাবলির রাতের সংঘর্ষের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
সৌরভ তোমার ২০২১ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। বর্তমানে তিনি রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেহরক্ষী বাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাষ্ট্রপতির এই বিশেষ নিরাপত্তা ইউনিটটি ভারতীয় সেনাবাহিনীর অন্যতম প্রাচীন ও জ্যেষ্ঠ অশ্বারোহী রেজিমেন্ট। দীপাবলি পরিবারের সঙ্গে উদ্যাপন করতে ছুটিতে নিজের গ্রামে এসেছিলেন সৌরভ।
গুলিবিদ্ধ হওয়ার পর পরিবারের সদস্যরা সৌরভকে প্রথমে বারাউতের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান। সেখান থেকে তাঁকে মিরাট মেডিকেল কলেজে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা তাঁকে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করেন।
চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর মাথা থেকে গুলি বের করতে সক্ষম হয়েছেন। তবে গুরুতর আহত সৌরভ বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। চিকিৎসকদের মতে, তাঁর শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক।
ঘটনার পর সৌরভের বাবা জনক রাজ জরুরি নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
বারাউতের সার্কেল অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সংঘর্ষে আহত ব্যক্তিদের প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের মিরাটে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, জনক রাজের লিখিত অভিযোগের ভিত্তিতে ধীরাজ ও মনু ওরফে প্রবীণের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। তাঁদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।