পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান সঠিক সময়ে চিকিৎসা না পেলে ব্রেইন হেমারেজ (মস্তিষ্কে রক্তক্ষরণ) বা হৃদরোগে আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার। একই সঙ্গে তার স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থা নিয়েও তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
আদালতের বাইরে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার সালমান সাফদার জানান, সম্প্রতি তিনি আদিয়ালা কারাগারে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে দেখা করেছেন এবং তাদের শারীরিক বর্তমান অবস্থা সম্পর্কে আদালতকে অবহিত করেছেন।
সাফদার আদালতকে জানান, গত ১ নভেম্বর কারাগারে ইমরান খানের রক্তচাপ (ব্ল্যাড প্রেশার) আশঙ্কাজনকভাবে বেড়ে ১৯২-এ পৌঁছেছিল। অবিলম্বে উন্নত চিকিৎসা না দেওয়া হলে তার শরীরে বড় ধরনের মারাত্মক জটিলতা তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে কোনো বিলম্ব না করে দুজনকে অবিলম্বে হাসপাতালে স্থানান্তর এবং পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ মেডিকেল বোর্ড গঠনের জন্য আদালতের কাছে জোর আকুতি জানানো হয়েছে।
অন্যদিকে ইমরান খানের স্ত্রী বুশরা বিবির দ্রুত অবনতিশীল চোখের দৃষ্টিশক্তি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই আইনজীবী। তিনি জানান, আগামী ১৫ নভেম্বর বুশরা বিবির পরবর্তী চোখের অস্ত্রোপচারের তারিখ নির্ধারিত থাকলেও তিনি আর আগের হাসপাতালে কিংবা পুরনো চিকিৎসকদের অধীনে অস্ত্রোপচার করাতে রাজি নন। প্রথম অস্ত্রোপচারের পরপরই চোখে ব্যান্ডেজ থাকা অবস্থায় তাকে দ্রুত কারাগারে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে তার আগের সব অস্ত্রোপচারের বিস্তারিত প্রতিবেদন দাবি করেন ব্যারিস্টার সাফদার।
আইনি বিষয়াদি তুলে ধরে সাফদার বলেন, আল-কাদির ট্রাস্ট মামলায় আদালত প্রাঙ্গণে পূর্ণ সহযোগিতা করার জন্য ইমরান খান ও বুশরা বিবি তাদের আইনি দলকে নির্দেশ দিয়েছেন।
বিচারক মূল আপিলগুলোর শুনানি একসঙ্গে করতে সম্মত হয়েছেন এবং ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (ন্যাব) আপিল নাকি আল-কাদির ট্রাস্ট মামলা আগে শোনা হবে, সে বিষয়ে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান সব আইনি লড়াই আদালতের মাধ্যমেই সুরাহা করতে চান বলে জানান তার আইনজীবী। খুব শীঘ্রই ব্যারিস্টার লতিফ খোসাকে সঙ্গে নিয়ে ইমরান খানের সঙ্গে আবারও সাক্ষাৎ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।