শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম অধিকতর স্বচ্ছ ও যুগোপযোগী করার লক্ষ্যে ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ প্রকাশ করেছে। নতুন এই নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির বয়সসীমা, বিভিন্ন শ্রেণিতে আসন সংখ্যা, ভর্তি পরীক্ষার পদ্ধতি এবং ফি সংক্রান্ত সুনির্দিষ্ট নির্দেশনা দেয়া হয়েছে।
শিক্ষার্থীদের বয়স এবং শিক্ষাবর্ষ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ১লা জানুয়ারি তারিখে ৬ বছর বা তার বেশি এবং অবশ্যই ৭ বছরের কম হতে হবে (জন্ম তারিখ ০১-০১-২০২০ থেকে ৩১-১২-২০২০ পর্যন্ত)। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণে সর্বোচ্চ ৫ বছরের অতিরিক্ত শিথিলতা দেওয়া হবে।
এছাড়া শিক্ষাবর্ষ ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এবং প্রতি শ্রেণি শাখায় শিক্ষার্থীর সংখ্যা নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৫৫ জন। ভর্তি পদ্ধতির ক্ষেত্রে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য আবশ্যিকভাবে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে এবং সমসংখ্যক অপেক্ষমান তালিকাও প্রস্তুত রাখতে হবে।
অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে শিক্ষার্থী বাছাই করা হবে। পরীক্ষার মানবণ্টন অনুযায়ী দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পূর্ণমান ৫০ (বাংলা-১৫, ইংরেজি-১৫, গণিত-২০; সময় ১ ঘণ্টা) এবং চতুর্থ থেকে নবম শ্রেণি পর্যন্ত পূর্ণমান ১০০ (বাংলা-৩০, ইংরেজি-৩০, গণিত-৪০; সময় ২ ঘণ্টা) নির্ধারণ করা হয়েছে।
আবেদন ফরমের মূল্য ও ভর্তি ফি নিয়ে নীতিমালায় কঠোর নির্দেশনা রয়েছে। অনলাইনে প্রথম শ্রেণির আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন ফরম বিতরণের জন্য ন্যূনতম ৭ কার্যদিবস সময় দিতে হবে।
ভর্তি ও সেশন চার্জসহ সর্বসাকুল্যে ফি মফস্বল এলাকায় ৫০০ টাকা, পৌর (উপজেলা) এলাকায় ১,০০০ টাকা, পৌর (জেলা সদর) এলাকায় ২,০০০ টাকা এবং ঢাকা ব্যতীত অন্যান্য মেট্রোপলিটন এলাকায় ৩,০০০ টাকার বেশি নেওয়া যাবে না।
এছাড়া ঢাকা মহানগরীর এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ভর্তি ফি সর্বোচ্চ ৫,০০০ টাকা এবং আংশিক এমপিওভুক্ত বা এমপিও বহির্ভূত প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮,০০০ টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০,০০০ টাকা (উন্নয়ন ফি সর্বোচ্চ ৩,০০০ টাকাসহ) নির্ধারণ করা হয়েছে।
সংরক্ষিত কোটার বিষয়ে নীতিমালায় জানানো হয়, মোট আসনের বিপরীতে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫%, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২%, এতিমখানায় অবস্থানরত শিশুদের জন্য ১%, শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরের কর্মকর্তা/কর্মচারীদের সন্তানদের জন্য ২%, সহোদর বা সহোদরদের জন্য ৩% এবং যমজ ভাই বা বোনের জন্য ২% আসন সংরক্ষিত থাকবে।