ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বোমা হামলার হুমকি, ইতালির তিন শতাধিক স্কুল খালি

আন্তর্জাতিক ডেস্ক
৭ ঘন্টা আগে
বোমা হামলার হুমকি, ইতালির তিন শতাধিক স্কুল খালি
ইউরোপের বিভিন্ন দেশে বোমা হামলার ভুয়া হুমকিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর জেরে ইতালির তিন শতাধিক স্কুল খালি করা হয়েছে। একই ধরনের হুমকি পেয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। তবে এসব হুমকিকে ভুয়া বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (১১ নভেম্বর) ইতালির বিভিন্ন স্কুলে ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পাঠানো হয়। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত স্কুলগুলো খালি করা হয়। এ সময় অনেক অভিভাবক কাজ ফেলে সন্তানদের নিতে স্কুলে ছুটে যান।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, এসব হুমকিতে বাস্তবে কোনো বিপদের আশঙ্কা নেই। পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে পুলিশ ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো বলেন, মানুষের মধ্যে ভয় ও উদ্বেগ ছড়িয়ে দেওয়াই এ ধরনের ঘটনার উদ্দেশ্য। তবে এর পেছনে সব সময় বিদেশি শক্তি বা শত্রুপক্ষের হাত থাকে না। আতঙ্ক ছড়াতে আগ্রহী ব্যক্তিরাও এমন কাজ করতে পারে।

এদিকে সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন দেশে সাইবার হামলা ও নিরাপত্তা হুমকির ঘটনা বেড়েছে। সুপারমার্কেট, রক্ত সংরক্ষণাগার, বিমান চলাচল ব্যবস্থা এবং টেলিভিশন সম্প্রচারকেন্দ্রও এসব হামলা ও হুমকির লক্ষ্যবস্তু হয়েছে।

এসব ঘটনার সঙ্গে রাশিয়া ও ইরানের সংশ্লিষ্টতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হলেও দেশ দুটি অভিযোগ অস্বীকার করেছে।

সূত্র: রয়টার্স





কমেন্ট বক্স