একাদশে খেলছেন সাত প্রবাসী ফুটবলার। বাংলাদেশের প্রধান কোচ টমাস ডুলি শ্রীলঙ্কার বিপক্ষে একটু বেশিই ঝুঁকি নিচ্ছেন কিনা, এমন কানাঘুষাও শোনা যাচ্ছিল আশপাশে। তবে মাঠে নামার প্রথম ৮ মিনিটেই সব শঙ্কা উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। সাত প্রবাসী ফুটবলারকে একাদশে নিয়ে মাঠে নামা স্বাগতিকেরা প্রথমার্ধেই পেয়েছে দুই গোল।
ম্যাচের অষ্টম মিনিটেই শমিত সোমের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৪৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হামজা চৌধুরী। তাতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
ম্যাচের ৫৩তম মিনিটে বক্সের সামান্য বাইরে বল পেয়ে বাঁদিকে এগিয়ে একে একে তিনজনকে কাটিয়ে অবিশ্বাস্য এক গোল করেছেন ফারহান আলী। বক্সের ভেতরে ঢুকে তাঁর নেওয়া শট জড়ায় জালে। শ্রীলঙ্কার ফুটবলাররা শুধু অসহায়ের মতো তাকিয়ে ছিলেন তাঁর দিকে। সামনে দাঁড়িয়ে থাকা হামজার চোখেমুখেও ছিল অবিশ্বাস। ম্যাচের ৫৩তম মিনিটে গোল করার পর ফারহানকে কাঁধে তুলে নেন সাদ উদ্দিন ও সতীর্থরা। এমন গোলের পর সেই উল্লাস বোধ হয় তাঁর প্রাপ্যই!
বুধবার (১১ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই শ্রীলঙ্কার রক্ষণে চাপ তৈরি করে বাংলাদেশ। রাকিবের একটি ক্রস হামজার কাছে পৌঁছানোর আগেই লাফিয়ে বল তালুবন্দি করেন লঙ্কান গোলরক্ষক সুজন পেরেরা।
তবে অষ্টম মিনিটেই গোলের দেখা পায় বাংলাদেশ। হামজার ক্রস ক্লিয়ার করতে গিয়ে বিপাকে পড়েন পেরেরা। তাঁর ক্লিয়ার করা বল শ্রীলঙ্কার এক ডিফেন্ডারের গায়ে লেগে চলে আসে শমিত সোমের সামনে। সুযোগ কাজে লাগিয়ে জালে বল পাঠান তিনি। তাতেই এগিয়ে যায় বাংলাদেশ। গোলের পর উল্লাসে ফেটে পড়ে জাতীয় স্টেডিয়ামের গ্যালারি।
গোলের পরও আক্রমণের ধার কমায়নি বাংলাদেশ। রাকিবের পাস থেকে বল পেয়ে শট নেওয়ার আগেই শ্রীলঙ্কার এক ডিফেন্ডারের বাধায় পড়েন হামজা। পরে ব্যাকহিলে বল জালে পাঠানোর চেষ্টা করলেও সফল হননি তিনি।
তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগে ব্যবধান বাড়ান হামজা। ৪৩তম মিনিটে ইব্রাহিমের পাস ধরে বক্সের বাইরে থেকে শট নেন তিনি। বল গোলরক্ষক পেরেরার গায়ে লেগে জালে জড়ায়। অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই গোল পেলেন হামজা। বাংলাদেশের হয়ে এটি তাঁর পঞ্চম গোল। পাঁচটি গোলই করেছেন জাতীয় স্টেডিয়ামে।
প্রথমার্ধের বাকি সময়ে আর গোল না হলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।