২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং পতিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র মোকাবিলায় সরকার ও বিরোধী দলসহ সব রাজনৈতিক পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।
বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।রাজনৈতিক খবর পড়ুন
সালাহউদ্দিন আহমদ বলেন, ২০২৪ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে ঐক্য তৈরি হয়েছিল, সেই চেতনা কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য বিভিন্ন পক্ষ নানা কর্মসূচি দিচ্ছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর ভাষ্য, সীমান্তের ওপার থেকে কখনো ধর্ম, কখনো হরতাল কিংবা অন্য কোনো পরিচয়ে কর্মসূচি দেওয়া হচ্ছে। এসব উদ্যোগের লক্ষ্য দেশে অস্থিরতা তৈরি করা। সম্মিলিত রাজনৈতিক অবস্থানের মাধ্যমে এ ধরনের তৎপরতা প্রতিহত করতে হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যে সুযোগ নিচ্ছে বিভিন্ন পক্ষ, সীমান্তের ওপার থেকে কর্মসূচি দিয়ে কখনো এটার নাম ধর্ম, কখনো হরতাল, কখনও ভিন্ন নাম দেওয়া হচ্ছে—উদ্দেশ্য একটাই, তারা যেন এখানে অস্থিরতা সৃষ্টি করতে পারে। সেটা যাতে আমরা সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে রুখে দিতে পারি, সেজন্য জাতীয় ঐক্য প্রয়োজন।’