ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ, সামাজিক মাধ্যমে পলাশের আবেগঘন স্মৃতিচারণ

বিনোদন ডেস্ক
৬ ঘন্টা আগে
‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ, সামাজিক মাধ্যমে পলাশের আবেগঘন স্মৃতিচারণ
জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের শুটিং শেষ হয়েছে। দীর্ঘ নয় বছরের পথচলার ইতি টানার মুহূর্তে আবেগাপ্লুত হয়েছেন ধারাবাহিকটির জনপ্রিয় চরিত্র কাবিলা জিয়াউল হক পলাশ। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে শুরুর দিনগুলোর স্মৃতি, নিজের বেড়ে ওঠা এবং সহকর্মীদের সঙ্গে কাটানো সময়ের কথা তুলে ধরেছেন তিনি।

কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ শুধু একটি ধারাবাহিক নয়, পলাশের জীবনেরও গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। দীর্ঘ এই সময়ে বদলেছে চারপাশের অনেক কিছু। একই সঙ্গে ধারাবাহিকটির গল্পের সঙ্গে সঙ্গে বদলেছে পলাশের জীবনও।

স্মৃতিচারণ করে পলাশ লিখেছেন, ‘এখান থেকেই সবকিছুর শুরু। এই রাস্তা, এই গাছতলা, চেনা বিকেলগুলো সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে কত কথা, কত হাসি আর কত না-বলা গল্প। সময় কত দ্রুত বদলে যায়! ‘ব্যাচেলর পয়েন্ট’-এর যাত্রা যখন শুরু হয়েছিল, তখন ছিল কেবল নতুন একটি গল্পের পথচলা। এরপর দিন পেরিয়েছে, বছর গড়িয়েছে।’

দীর্ঘ সময়ের পথচলায় ধারাবাহিকটির পাশাপাশি নিজের জীবনেও এসেছে নানা পরিবর্তন। সেই অনুভূতি প্রকাশ করে অভিনেতা লেখেন, ‘বদলেছে ঋতু, মানুষ, চারপাশের পরিচিত অনেক কিছু। চোখের সামনে ধীরে ধীরে বড় হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’। আর কখন যে এই গল্পের সঙ্গে সঙ্গে আমিও বড় হয়ে গেছি, তা বুঝতেই পারিনি।’

পঞ্চম সিজনের শুটিং শেষ হওয়ার অনুভূতি জানিয়ে পলাশ আরও লেখেন, ‘একটি গল্পের ভেতর মানুষ কতটা জীবন রেখে আসতে পারে! কত সকাল, কত রাত, কত অভিমান, আনন্দ আর প্রিয় মানুষের মুখ সব মিলিয়ে কখন যে একটি নাটক আর শুধু নাটক থাকে না, নিজের জীবনেরই অংশ হয়ে ওঠে, তা টের পাওয়া যায় না।’

এত বছরের স্মৃতি কীভাবে ধরে রাখবেন, সেই প্রশ্নও উঠে এসেছে তাঁর লেখায়। পলাশের ভাষায়, ‘এত স্মৃতি কোথায় জমা রাখব? এতগুলো বছরের গল্প কোন বাক্যে বলব? কীভাবে বোঝাব, এই পথচলা আমার কাছে কতটা অর্থবহ? সবকিছুরই নাকি শেষ আছে। হয়তো ‘ব্যাচেলর পয়েন্ট’-এরও শেষ হলো। মানুষ ফিরে যায়, শুটিং শেষ হয়, আলো নিভে যায়।’

পোস্টের শেষাংশে পুরোনো দিনের স্মৃতি টেনে তিনি লেখেন, ‘তবু কোথাও সেই গাছতলা থেকে যায়, থেকে যায় চেনা রাস্তা। কিছু মানুষের হাসির শব্দ যেন বাতাসে মিশে থাকে। আর থেকে যায় সেই ছেলেটিও, যে একদিন এই রাস্তায় দাঁড়িয়ে স্বপ্ন দেখেছিল। এত বছর পর ফিরে তাকিয়ে মনে হয়, গল্পটা শেষ হয়েছে ঠিকই, কিন্তু সেই ছেলেটি আজও ওই রাস্তার পাশে দাঁড়িয়ে আছে।’

পলাশের এই আবেগঘন পোস্টে উঠে এসেছে দীর্ঘ নয় বছরের পথচলা, স্বপ্ন পূরণের গল্প আর প্রিয় মানুষদের সঙ্গে কাটানো অসংখ্য মুহূর্ত। শুটিং শেষ হলেও ‘ব্যাচেলর পয়েন্ট’ ও এর চরিত্রগুলোর স্মৃতি যে তাঁর জীবনে বিশেষ জায়গা দখল করে থাকবে, তা স্পষ্ট তাঁর লেখায়।





কমেন্ট বক্স