ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
৭ ঘন্টা আগে
বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
যশোরের সদর উপজেলার নরেন্দ্রপুরে মামাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে মুনসেফপুর গ্রামের পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শফিয়ার রহমানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

পুলিশ ও স্বজনেরা জানান, বুধবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে বাড়ি নির্মাণের কাজে ব্যবহারের জন্য দোকান থেকে পলিথিন কিনে বাড়ি ফিরছিলেন আবু তালেব। পথে পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে পৌঁছালে তাঁর ওপর গাছি দা নিয়ে হামলা চালান মামাতো ভাই শফিয়ার রহমান। এ সময় তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শফিয়ার রহমানকে আটক করে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।

নিহত শেখ আবু তালেব মুনসেফপুর গ্রামের মৃত শেখ মোতালেবের ছেলে। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য ছিলেন।





কমেন্ট বক্স