চট্টগ্রামে রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে নজরদারিতে রাখা হয়েছে। তার ব্যক্তিগত ও অফিসিয়াল মোবাইল জব্দ করা হয়েছে। এসপি জাহাঙ্গীরকে আটকের খবরও পুলিশ সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়েছে। তবে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জানালেন, এখনো আটক করা হয়নি।
মোহাম্মদ জাহাঙ্গীর আলম চট্টগ্রামে আরআরএফ’র ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত আছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
নাম প্রকাশে অনাগ্রহী জেলা পুলিশের এক কর্মকর্তা জানালেন, ডিএমপির গোয়েন্দা ইউনিটের একটি টিম নগরীর হালিশহরে আরআরএফ পুলিশ লাইনস থেকে জাহাঙ্গীরকে নিজের হেফাজতে নিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের তথ্য পেয়ে তাকে নজরদারিতে রাখা হয়েছে বলে ওই কর্মকর্তা জানালেন।
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘জাহাঙ্গীর আমার অধীনস্থ ডেপুটি কমান্ড্যান্ট। সে আটক কিংবা গ্রেপ্তার হলে তো আমি সবার আগে জানব। আমি নিশ্চিত করছি, তাকে আটক-গ্রেপ্তার করা হয়নি।
তার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে। তদন্তের স্বার্থে গতকাল (মঙ্গলবার) তার দুইটা মোবাইল সিজ করা হয়েছে। ’
অভিযোগ কী জানতে চাইলে তিনি বললেন, ‘অভিযোগের বিষয়ে এক লাইন, এক শব্দও বলতে পারব না। ’ জাহাঙ্গীর আলম এখন কোথায় আছেন জানতে চাইলে ডিআইজি বললেন, ‘যেখানে থাকার কথা সেখানেই আছেন। শুধুমাত্র মোবাইল দুইটা আমাদের হেফাজতে রাখা হয়েছে। ’