ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিক অসন্তোষে আশুলিয়া-সাভারে ৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

অনলাইন ডেস্ক
৫ ঘন্টা আগে
শ্রমিক অসন্তোষে আশুলিয়া-সাভারে ৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চল আশুলিয়া ও সাভারের সাতটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, টানা শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ার জিরাবো এলাকায় অরুণিমা গ্রুপের অরুণিমা স্পোর্টস ওয়্যার লিমিটেড, ডিএমসি অ্যাপারেলস লিমিটেড ও ডিএমসি ওয়াশিং লিমিটেড এবং সাভারের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় জিন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

এর আগে মঙ্গলবার একই ধারায় বন্ধ ঘোষণা করা হয় আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় নিউএজ গ্রুপের নিউএজ গার্মেন্টস লিমিটেড, নিউএজ অ্যাপারেলস লিমিটেড ও কেইলক নিউএজ বাংলাদেশ লিমিটেড।

শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধ বলতে বোঝায় ‘নো ওয়ার্ক, নো পে’ নীতি। এই ধারায় কারখানা যত দিন বন্ধ থাকবে, শ্রমিকরা কোনো প্রকার মজুরি পাবেন না।

শ্রমিক অসন্তোষের জেরে কারখানাগুলো এভাবে বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া সংবাদমাধ্যমকে বলেন, ‘প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই তারা কারখানা খুলবে।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, ‘শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধ ঘোষণা করলে শ্রমিকদের মধ্যে ক্ষোভ আরও বাড়ে। এই ধারাটি আন্দোলন উসকে দেওয়ার মতো। কারণ, এই ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকরা কোনো মজুরি পান না। ’

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘আজ বৃহস্পতিবার পরিস্থিতি অনেকটাই ভালো।

তিন-চারটি কারখানার শ্রমিকরা কাজ না করে বেরিয়ে গেছেন। তবে, বড় কারখানাগুলোতে উৎপাদন চলছে। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে। 





কমেন্ট বক্স