ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজে ‘বিশাল বিস্ফোরণ’, আগুনে জ্বলছে দুই সুপারট্যাঙ্কার

অনলাইন ডেস্ক
৮ ঘন্টা আগে
হরমুজে ‘বিশাল বিস্ফোরণ’, আগুনে জ্বলছে দুই সুপারট্যাঙ্কার
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে রাতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তাদের দাবি, চার মিলিয়ন ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল বহনকারী দুটি সুপারট্যাঙ্কার বিস্ফোরণের কবলে পড়েছে। বর্তমানে জাহাজ দুটিতে আগুন জ্বলছে।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, জাহাজ দুটি প্রণালির এমন একটি নৌপথ ব্যবহার করছিল, যেটিকে ইরান অননুমোদিত বলে বিবেচনা করে।

ইরানের সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী জানায়, হরমুজ প্রণালির দক্ষিণ দিকের নৌপথটি অননুমোদিত ও অনিরাপদ বলে ট্রাফিক কন্ট্রোল সেন্টার থেকে বারবার সতর্ক করা হয়েছিল। কিন্তু সেই সতর্কবার্তা উপেক্ষা করায় রাতে জাহাজ দুটিকে থামানো হয়। এর পরই সেগুলোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে দাবি করেছে আইআরজিসি।

দুই সুপারট্যাঙ্কারে আগুন লাগার ঘটনার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে আইআরজিসি। তাদের অভিযোগ, ‘লুটেরা ও আগ্রাসী মার্কিন বাহিনীর ওপর আস্থা রাখার’ কারণেই জাহাজ দুটি এই পরিণতির মুখে পড়েছে।

তবে বিস্ফোরণের প্রকৃত কারণ, জাহাজ দুটির পরিচয় এবং হতাহতের কোনো তথ্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

এদিকে হরমুজ প্রণালিতে চলাচলকারী অন্যান্য জাহাজের জন্যও কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

আইআরজিসি জানিয়েছে, যেসব জাহাজ নিজেদের নেভিগেশন ব্যবস্থা বন্ধ রাখবে এবং হরমুজের দক্ষিণ দিকের নৌপথ ব্যবহারের ক্ষেত্রে মার্কিন সামরিক বাহিনীকে সহযোগিতা করবে, তাদেরও একই পরিণতির মুখোমুখি হতে হবে।

এই হুঁশিয়ারির মধ্য দিয়ে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের বিষয়ে নিজেদের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান।





কমেন্ট বক্স