ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রামপাল-মোংলা সড়ক সম্প্রসারণে দশানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সোহাগ হাওলাদার
৭ ঘন্টা আগে
রামপাল-মোংলা সড়ক সম্প্রসারণে দশানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
বাগেরহাটে রামপাল-খুলনা-মোংলা সড়ক সম্প্রসারণ ও যান চলাচল নির্বিঘ্ন করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বাগেরহাটের দশানী ট্রাফিক মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযূষ চন্দ্র দে এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাটের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ, সড়ক ও জনপথ অধিদপ্তর বাগেরহাটের উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুর রহিমসহ পুলিশ সদস্য, সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অভিযান চলাকালে সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। সড়ক সম্প্রসারণের কাজ নির্বিঘ্ন করতে এবং ভবিষ্যতে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা দূর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সড়ক বিভাগ।

এ বিষয়ে বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রাং বলেন, দশানী থেকে রামপাল পর্যন্ত সড়ক নির্মাণ ও সম্প্রসারণের লক্ষ্যে সড়কের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো সরিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি দশানী এলাকায় একটি বড় গোলচত্বর নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে ওই এলাকায় যানবাহন চলাচল আরও সহজ ও নিরাপদ হবে। একই সঙ্গে যাত্রীদের ওঠানামার সুবিধাও বাড়বে।

তিনি আরও বলেন, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা এবং বৃহত্তর জনস্বার্থ বিবেচনায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। সড়কটি উন্নত ও সম্প্রসারিত হলে বাগেরহাট থেকে রামপাল-খুলনা ও মোংলাগামী যানবাহনের চলাচল আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, বাগেরহাটের গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে। বিশেষ করে মোংলা বন্দর ও রামপাল এলাকার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সড়কটির গুরুত্ব অনেক। সড়ক সম্প্রসারণ এবং দশানী এলাকায় গোলচত্বর নির্মাণ করা হলে যানজট কমার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি হ্রাস ও সাধারণ মানুষের যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।





কমেন্ট বক্স