ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জলবায়ু মোকাবিলায় ৫ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক
৭ ঘন্টা আগে
জলবায়ু মোকাবিলায় ৫ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দসহ পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ঋণ ছাড়, পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্টালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে এসব প্রস্তাব তুলে ধরেন প্রধান

ভাষণে তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে রয়েছে বাংলাদেশ। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এসব চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার মনে করে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষা একসঙ্গে চলতে হবে। শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রমে প্রকৃতি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখা জরুরি।

নবায়নযোগ্য জ্বালানিতে ২০ শতাংশ লক্ষ্যমাত্রা

প্রধানমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট জিরো নির্গমন অর্জনের লক্ষ্যেও কাজ চলছে।

বিশেষ কর প্রণোদনার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।

তিনি জানান, দেশে সবুজ শিল্পের প্রসারে কাজ করছে সরকার। এর মধ্যে প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা রয়েছে। বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা এবং পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরি করা হচ্ছে।

পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা

পরিবেশ সুরক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের কাজ চলছে। এর উদ্দেশ্য পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানো।

এ ছাড়া উপকূলীয় পুনরুদ্ধার করা জমিতে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা বাড়ানোর লক্ষ্য রয়েছে।

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অনুদান চাইলেন প্রধানমন্ত্রী

ভাষণে বৈশ্বিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থার সীমাবদ্ধতার কথা তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, বর্তমান অর্থায়ন ব্যবস্থা উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে বিবেচনায় নিচ্ছে না।

জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি অর্থনীতির ওপর বড় বোঝা তৈরি করছে। এর সঙ্গে ঋণ পরিশোধের চাপ ও সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর আরও ঋণ নয়, বরং অনুদান প্রয়োজন। পাশাপাশি নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে জোরালো সহযোগিতা দরকার।

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের পাঁচ প্রস্তাব

‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির ভিত্তিতে পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রস্তাবগুলো হলো—

১. আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকার অনুযায়ী অভিযোজন কার্যক্রমে বরাদ্দ করতে হবে। পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর উদ্যোগেও সহায়তা দিতে হবে।

২. জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-সহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করতে হবে।

৩. পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে এবং উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।

৪. সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে।

৫. কপ-৩১ সম্মেলনে ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করতে হবে। এর ভিত্তি হবে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্য।

নারী ও তরুণদের অংশগ্রহণের আহ্বান

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক নির্গমন কমানোর মাধ্যমে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্য অর্জনে কাজ করতে হবে।

ভাষণের শেষাংশে কপ-৩১ সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল প্রত্যাশা করেন তারেক রহমান। বিশেষ করে জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য কার্যকর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপ দিতে হবে, বৈশ্বিক সংহতি জোরদার করতে হবে এবং সম্মিলিতভাবে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।





কমেন্ট বক্স