পরিবারের মুখে হাসি ফোটাতে এবং মা-বাবা ও ভাই-বোনদের একটু ভালো রাখার স্বপ্ন নিয়ে ১৯৯৪ সালে বাহরাইনে পাড়ি জমিয়েছিলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল গ্রামের লিলুফা বেগম।
কিন্তু দীর্ঘ ৩২ বছরের প্রবাসজীবন, প্রতারণা, মানসিক বিপর্যয় ও কারাবাসের দুঃসহ অভিজ্ঞতা শেষে নিঃস্ব ও অসুস্থ অবস্থায় নিজ দেশে ফিরেছেন তিনি।
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহযোগিতায় দীর্ঘ তিন দশক পর অবশেষে আপনজনদের সান্নিধ্য পেলেন এই প্রবাসী নারী।
গত ১০ নভেম্বর দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান লিলুফা বেগম। শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে তিনি নিজের নাম বা পরিবারের ঠিকানা কিছুই জানাতে পারছিলেন না।
এ অবস্থায় বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক জরুরি সহায়তার জন্য তাকে ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের কাছে হস্তান্তর করে। সেখান থেকে অ্যাম্বুলেন্সযোগে তাঁকে উত্তরার ব্র্যাক লার্নিং সেন্টারে নিয়ে পরিচ্ছন্ন পোশাক, নিরাপদ আশ্রয় ও নিবিড় পরিচর্যার ব্যবস্থা করা হয়।
মানসিক ভারসাম্য হারানোয় লিলুফার কাছ থেকে তথ্য সংগ্রহ করা বেশ কঠিন ছিল। তবে ব্র্যাক কর্মীদের দীর্ঘ সময়ের চেষ্টায় তার বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বলে জানা যায়।
এই তথ্যের সূত্র ধরে ব্র্যাকের মানিকগঞ্জস্থ মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টারের কর্মীরা তার দুই বোন—মাজেদা বেগম ও শামসুন্নাহারকে খুঁজে বের করেন। খবর পেয়ে তাঁরা ঢাকায় ছুটে আসেন এবং দীর্ঘ বছর পর অসুস্থ বোনকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।
লিলুফার দুই বোন জানান, ১৯৯৪ সালে বাহরাইনে যাওয়ার পর প্রথম চার বছর গৃহকর্মী হিসেবে কাজ করেও কোনো বেতন পাননি তিনি। পরে জানা যায়, যে দালালের মাধ্যমে তিনি বিদেশে গিয়েছিলেন, সেই ব্যক্তিই তার উপার্জিত সব অর্থ আত্মসাৎ করতেন।
পরবর্তীতে লিলুফার ছোট ভাই বাহরাইনে গিয়ে তাকে উদ্ধার করেন এবং নিজের কাছে রাখেন। এরপর থেকে তিনি দেশে মা-বাবার ভরণপোষণের জন্য নিয়মিত টাকা পাঠাতেন। প্রায় ১৬ বছর আগে একবার ছুটিতে দেশে এসে আবার বাহরাইনে ফিরে যান লিলুফা। এরপর পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তিন মাস আগে ভাইয়ের মেয়ের বিয়ের সময় খোঁজ নিলে ভাই জানান, লিলুফা মানসিক অসুস্থ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন।
ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, লিলুফার বোনদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মাহফুজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হয়।
দূতাবাস জানায়, রাস্তায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাঘুরির সময় বাহরাইনের পুলিশ তাঁকে উদ্ধার করে। বৈধ কাগজপত্র না থাকায় তাঁকে কারাগারে পাঠানো হয়েছিল। পরে দূতাবাসের উদ্যোগে ট্রাভেল পাসের মাধ্যমে তাঁকে দেশে ফেরত পাঠানো হয়।
শরিফুল হাসান আরও জানান, দেশে পাঠানোর আগে দূতাবাস থেকে বাহরাইনে থাকা লিলুফার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি অসুস্থ বোনের দায়িত্ব নিতে রাজি হননি।
লিলুফাকে পরিবারের কাছে হস্তান্তরের পর শরিফুল হাসান বলেন, “যে মানুষটি কেবল মা-বাবা ও ভাই-বোনদের একটু ভালো রাখার আশায় জীবনের ৩২টি বছর বিদেশে কাটিয়ে দিলেন, আজ তাঁর মা-বাবা বেঁচে নেই, ভাই-বোনদেরও বিয়ে হয়ে গেছে। অথচ জীবনের এই পর্যায়ে মানসিক অসুস্থ অবস্থায় তাঁকে বিদেশের রাস্তায় ঘুরতে হয়েছে। দেশে ফিরেও তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।”
তিনি জানান, লিলুফার সুচিকিৎসা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে তাঁর পাশে থাকতে ব্র্যাক কাজ করবে। পাশাপাশি, বিদেশ থেকে অসুস্থ বা বিপর্যস্ত অবস্থায় ফেরা প্রবাসীদের চিকিৎসা, পরিচর্যা ও পুনর্বাসনের জন্য রাষ্ট্র ও সমাজের সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।