ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তথ্যপ্রযুক্তি, কৃষি উদ্যোক্তা ও ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া পার্টনারশিপে বিনিয়োগে আগ্রহী এডিবি

অনলাইন ডেস্ক
৪৪ মিনিট আগে
তথ্যপ্রযুক্তি, কৃষি উদ্যোক্তা ও ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া পার্টনারশিপে বিনিয়োগে আগ্রহী এডিবি
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, কৃষি উদ্যোক্তা উন্নয়ন এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের সংযোগ জোরদারে বিনিয়োগ ও অনুদান দিতে আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শ্রেণিকক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণেও কাজ করতে চায় সংস্থাটি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা এবং কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে এক বৈঠকে এ আগ্রহের কথা জানান এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং।

বৈঠকে এডিবির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সংস্থাটির মানব ও সামাজিক উন্নয়ন বিভাগের পরিচালক গি সুন সং, প্রকল্প কর্মকর্তা (শিক্ষা) ফাইজা আহাদ এবং প্রোগ্রাম অফিসার ফারিন ইসলাম।

বৈঠকে চিংফেং ঝাং জানান, কম্পিউটার সায়েন্স, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মতো বিষয়ে উচ্চশিক্ষার গবেষণা ও উন্নয়ন সক্ষমতা বাড়াতে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে এডিবির।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের কার্যকর সংযোগ তৈরি এবং কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরির উদ্যোগেও বিনিয়োগ ও অনুদান দিতে আগ্রহী সংস্থাটি।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শ্রেণিকক্ষে পাঠদানের মান উন্নয়নে ইন্টারঅ্যাকটিভ শিক্ষা উপকরণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিষয়েও আলোচনা হয়।

চিংফেং ঝাং বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম যেন শুধু একাডেমিক প্রকাশনার মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং বাস্তব সমস্যা সমাধান এবং শিল্পখাতের প্রয়োজন পূরণে ভূমিকা রাখতে পারে, সেটিই এডিবির কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য।

বৈঠকে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে সরকারের বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন মাহ্দী আমিন।

তিনি জানান, শিক্ষাকে আরও আনন্দময়, সৃজনশীল ও অংশগ্রহণমূলক করতে দেশের শিক্ষাব্যবস্থায় নতুন সংস্কার আনা হচ্ছে। এর অংশ হিসেবে প্রথমবারের মতো চতুর্থ শ্রেণিতে ‘ক্রীড়া’ ও ‘সংস্কৃতি’ নামে দুটি বাধ্যতামূলক বিষয় চালু করা হচ্ছে।

মাহ্দী আমিন বলেন, প্রাথমিক পর্যায়ে এবার শুধু চতুর্থ শ্রেণিতে এ কার্যক্রম শুরু হলেও পরবর্তী শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণিতেও তা চালু করা হবে। পর্যায়ক্রমে সব শ্রেণিতে ক্রীড়া ও সংস্কৃতিকে বাধ্যতামূলক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

নারী শিক্ষার প্রসারে সরকারের অঙ্গীকার তুলে ধরে মাহ্দী আমিন বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয়েছিল। বর্তমান সরকার সেই উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করার ঘোষণা দিয়েছে।

তিনি জানান, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে মধ্যমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এ সুবিধা স্নাতকোত্তর বা মাস্টার্স পর্যায় পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

এ ছাড়া শিক্ষার্থীদের পুষ্টি ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে দেশের ১৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল কর্মসূচি চালু রয়েছে। পর্যায়ক্রমে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের পরিবেশ উন্নয়নেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান মাহ্দী আমিন।

তিনি বলেন, বিনামূল্যে স্কুল ড্রেস ও মিড-ডে মিলের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য প্রচলিত বেঞ্চের পরিবর্তে পর্যায়ক্রমে আলাদা চেয়ার ও টেবিলের ব্যবস্থা করা হচ্ছে।

শিশুদের মানসিক বিকাশ এবং আনন্দের মধ্য দিয়ে শেখার পরিবেশ নিশ্চিত করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘লার্নিং টয়’ যুক্ত করা হচ্ছে। পাশাপাশি বিদ্যালয়ের প্রাঙ্গণে স্লাইডারসহ বিভিন্ন ধরনের বাইরের খেলাধুলার সরঞ্জাম স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।





কমেন্ট বক্স