ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার ডিসির বোরকার অন্তরালে দুর্নীতি: পুরানা পল্টনে ১২ কাঠার বাণিজ্যিক প্লট নিলাম ছাড়াই ভূমিদস্যুকে বরাদ্দের প্রস্তাব

অনলাইন ডেস্ক
১৭ মিনিট আগে
ঢাকার ডিসির বোরকার অন্তরালে দুর্নীতি: পুরানা পল্টনে ১২ কাঠার বাণিজ্যিক প্লট নিলাম ছাড়াই ভূমিদস্যুকে বরাদ্দের প্রস্তাব
রাজধানীর প্রাণকেন্দ্র ১০, পুরানা পল্টন হোল্ডিংয়ের ১২ কাঠার অতি মূল্যবান একটি সরকারি বাণিজ্যিক প্লট নিলাম ছাড়াই কমমূল্যে এক ভূমিদস্যুকে বরাদ্দ দেওয়ার প্রস্তাব করেছেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম। গত ২৭ জুলাই ডিসি ফরিদা খানম নিজ স্বাক্ষরে এ সংক্রান্ত প্রস্তাব পাঠিয়েছেন ভূমি মন্ত্রণালয়ে। ডিসি যার নামে বরাদ্দের প্রস্তাব করেছেন, এই খাদিজা ইসলাম দীর্ঘ ৪২ বছর ধরে প্লটটি অবৈধ দখলে রেখেছেন। ভুয়া কাগজপত্রে একের পর এক সরকারের বিরুদ্ধে মামলা করেছেন।

অবশেষে সর্বোচ্চ আদালতের রায়ে হেরে গিয়ে কমমূল্যে প্লটটি হাতিয়ে নেওয়ার জন্য এখন ঢাকার ডিসিকে ম্যানেজ করেছেন। যদিও নিলাম ছাড়া ব্যক্তি বিশেষকে এভাবে প্লট বরাদ্দ দেওয়ার সুযোগ নেই। তাছাড়া যে ভূমিদস্যু দীর্ঘকাল ধরে অবৈধভাবে প্লটের ছিল, সরকারের বিরুদ্ধে একের পর এক মামলা করেছে এবং সরকারের বড় অংকের অর্থব্যয় করিয়েছে তাকে বরাদ্দ দেওয়াটা তো কোনো রকমের নৈতিকার মধ্যেই পড়ে না।

ঢাকার ডিসি ফরিদা খানম বরবরই নিজেকে সৎ দাবি করে থাকেন এবং এটিকে প্রতিষ্ঠিত করার জন্য নানা রকমের কসরত করে যাচ্ছেন নিয়মিত।

সম্প্রতি তিনি বোরকা পরে উত্তরখান ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে গিয়েছেন, সেখানে সাধারণ মানুষ কেমন সেবা পাচ্ছেন এবং কোনো হয়রানি বা অনিয়ম হচ্ছে কি না, তা দেখতে। কিন্তু তাঁরই নাকের ডগায় ঢাকার লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক বলছে, জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে এক ব্যক্তির কাছে ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’ করেছিলেন আসাদুল। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৩ নভেম্বর মঙ্গলবার দুদক পরিকল্পিতভাবে ‘ফাঁদ অভিযান’ চালায়।

অভিযানকালে ১ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় তাঁকে হাতেনাতে আটক করা হয়। এতে ফরিদা খানমের মুখোশ খুলে পড়েছে অনেকটাই। ভুক্তভোগীরা বলছেন, বর্তমান ডিসি ফরিদা খানমের আমলে তাঁর অধীন ভূমি অফিসগুলোতে ঘুষ লেনদেন ও সেবাপ্রার্থীদের হয়রানির প্রবণতা মাত্রাতিরিক্তহারে বেড়ে গেছে। দুদকের গত ৩ নভেম্বরের অভিযানের ফলাফল এরই বড় প্রমাণ।

তবে সর্বশেষ শীর্ষনিউজ ডটকম ও সাপ্তাহিক শীর্ষকাগজের অনুসন্ধানে বেরিয়ে এসেছে ডিসি ফরিদা খানমের ভয়াবহ দুর্নীতির তথ্য-প্রমাণ।

সূত্র জানায়, জেলা প্রশাসক ফরিদা খানম এমন এক ভূমিদস্যুর নামে প্লট বরাদ্দ দেওয়ার প্রস্তাব করেছেন, যে ভূমিদস্যু দীর্ঘকাল যাবৎ এ প্লটটি অবৈধভাবে ভোগদখল করে ছিল। সরকারের বিরুদ্ধে একের পর এক মামলা করেছে। সরকারি সম্পত্তি ব্যবহার বাবদ সরকারকে কোনো অর্থ তো দেয়ই-নি, এমনকি ভুয়া কাগজপত্র তৈরি করে একের পর এক মামলা দায়েরের মাধ্যমে সরকারকে হেস্তনেস্ত এবং বিপুল অংকের অর্থ ব্যয় করিয়েছে। দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত যেতে হয়েছে সরকারকে। অবশেষে সর্বোচ্চ আদালতের রায়ে সরকার অতি মূল্যবান এই প্লটের দখল বুঝে পেয়েছে। কিন্তু দুর্নীতিবাজ জেলা প্রশাসক ফরিদা খানম সেই ভূমিদস্যুকেই কমমূল্যে এই বাণিজ্যিক প্লটটি বরাদ্দ দেওয়ার গোপন প্রক্রিয়া করেছেন।

১০ নং পুরানা পল্টন হোল্ডিংয়ের এই প্লটটির অবস্থান বায়তুল মোকাররমের উত্তর পার্শ্বে এবং এটি পল্টন থানার অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ রোড ও হোল্ডিং নম্বর, যা মূলত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ট্রাভেল এজেন্সি, কর্পোরেট অফিস এবং প্রকাশনা সংস্থার কেন্দ্র হিসেবে পরিচিত। ঢাকা জিরো পয়েন্ট (গুলিস্তান) এবং মতিঝিল বাণিজ্যিক এলাকার অত্যন্ত কাছে অবস্থিত। পল্টন মোড় বা কালভার্ট রোড সংলগ্ন হওয়ায় এখান থেকে ঢাকার যেকোনো প্রান্তে যাতায়াত করা বেশ সহজ। বাজারমূল্য অনুযায়ী ১২ কাঠার এই প্লটের বর্তমান মূল্য ২০০ কোটি টাকারও বেশি। এই প্লটটি মাত্র ৮৩ কোটি টাকায় জনৈক খাদিজা ইসলামের নামে বরাদ্দ দেওয়ার প্রস্তাব করেছেন ঢাকার ডিসি ফরিদা খানম। অথচ এই খাদিজা ইসলামই ভুয়া কাগজপত্রের মাধ্যমে মালিকানা দাবি করে ১৯৯৮ সালে থেকে দীর্ঘ ৪২ বছর যাবৎ প্লটটি ভোগদখল করে আছেন। এই ৪২ বছর প্লটটির কোনে আয় সরকার পায়নি।
নিয়ম অনুযায়ী এ ধরনের কোনো প্লট বিশেষ কোনো ব্যক্তির নামে বরাদ্দ দেওয়ার সুযোগ নেই। সরকার কোনো প্লট বা জমি প্রয়োজন না লাগলে, জনসাধারণের মধ্যে লিজ বা বরাদ্দের প্রয়োজন মনে করলে সেক্ষেত্রে নিলাম আবশ্যক। তাছাড়া যে ভূমিদস্যু ভুয়া কাগজপত্র তৈরির মাধ্যমে একের পর এক মামলা দায়ের করে দীর্ঘকাল ধরে সরকারকে হেস্তনেস্ত করেছে, সরকারের অনেক অর্থের অপব্যয় করেছে সেই ভূমিদস্যুকে একই জমি বরাদ্দ দেওয়ার কোনো সুযোগ নেই। জেলা প্রশাসনের এক্ষেত্রে কর্তব্য হলো, ভূমিদস্যু খাদিজা ইসলামকে জাল-জালিয়াতির দায়ে জেলে যাওয়ার ব্যবস্থা করা, তার কাছ থেকে প্লটটির ৪২ বছরের আয়সহ যথাযথ ক্ষতিপূরণ আদায় করা। কিন্তু সৎ দাবিদার জেলা প্রশাসক ফরিদা খানম তা না করে উল্টো সেই ভূমিদস্যু খাদিজা ইসলামকেই প্লটটি নিলাম ছাড়াই অবৈধভাবে কমমূল্যে বরাদ্দ দেওয়ার প্রস্তাব করেছেন। তিনি এতে জমির ক্রয়-বিক্রয় মূল্য ধরেছেন উক্ত মৌজার ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এক বছরে সাব-রেজিস্ট্রি অফিসে রেকর্ডকৃত ক্রয়-বিক্রয়ের হিসেব অনুযায়ী। যদিও ডিসি ভূমি মন্ত্রণালয়ে বরাদ্দের প্রস্তাব পাঠিয়েছেন গত ২৭ জুলাই, ২০২৬। নিয়ম অনুযায়ী, কোনো জমির মূল্য ধরার ক্ষেত্রে সর্বশেষ সময়কে হিসাবের মধ্যে আনতে হবে। তাছাড়া এ ধরনের প্লট বা জমি নিলাম ছাড়া বরাদ্দ বা লিজের কোনো সুযোগই নেই।

উল্লেখ্য, ঢাকার ডিসি ফরিদা খানম ইতিপূর্বে চট্টগ্রামের ডিসি পদে থাকাকালে দুর্নীতির কারণে ব্যাপকভাবে আলোচিত হন। সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগে দুদক তার বিরুদ্ধে অফিসিয়ালি তদন্ত শুরু করে এবং এর ধারাবাহিকতায় তিনি চট্টগ্রামের ডিসি পদ থেকে প্রত্যাহার হন। দুদকের তদন্ত চলাকালেই বিভিন্ন মহলে তদবির চালিয়ে ঢাকার ডিসি পদে পদায়ন পান। এ বাবদ তিনি ৩০ কোটি টাকা নগদ লেনদেন করেন বলেও অভিযোগ উঠে। যা নিয়ে তখন সাপ্তাহিক শীর্ষকাগজ ও শীর্ষনিউজ ডটকম-এ বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়।

জমির মালিকানা দাবি করে ভুয়া কাগজে দীর্ঘদিনের মামলা-মোকদ্দমা
নথি অনুযায়ী, মতিঝিল মৌজার সিটি জরিপ ৫৬২ নম্বর প্রজা খতিয়ানের ২৩১ নম্বর দাগের ১২ কাঠা বা ০.১৯৮০ একর জমিটি খাসমহালভুক্ত সম্পত্তি হিসেবে লিজের আওতায় ছিল। কিন্তু এই জমির মালিকানা দাবি করে একধিক পক্ষ একে অন্যের বিরুদ্ধে মামলা দায়ের করতে থাকে। পরবর্তীতে প্রমাণিত হয় উভয় পক্ষের কাগজপত্রই ভুয়া। জমিটির মালিকানা নিয়ে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সম্পত্তিটিকে সরকারি সম্পত্তি হিসেবে ঘোষণা করে সরকারের পক্ষে রায় দিয়েছেন।

জানা যায় একটি পক্ষ এই মর্মে ভুয়া কাগজপত্র সৃজন করে যে, ১৯৫৯ সালের ৩ ফেব্রুয়ারি ৯৬০ নম্বর দলিলমূলে জনৈক রাইসা ইসলাম জমিটি লিজ গ্রহণ করেন। পরে ১৯৮২ সালের ১৫ জানুয়ারি ১২০৪ নম্বর দলিলমূলে সৈয়দ বদিউর রহমানের কাছে জমিটি হস্তান্তর করা হয়। এরপর ১৯৮৪ সালের ২৪ সেপ্টেম্বর ৩৬৮৬ নম্বর দলিলমূলে সৈয়দ বদিউর রহমান খাদিজা ইসলামের কাছে জমিটি হস্তান্তর করেন। পরবর্তী সময়ে ১৯৮৫ সালের ৩ জুলাই ১৪৫৯৫ নম্বর দলিলমূলে খাদিজা ইসলাম খাসমহাল হিসেবে জমিটির দ্বিতীয় মেয়াদে লিজ নবায়ন করেন।

তবে জমিটির রেকর্ড নিয়ে জটিলতা দেখা দেয়। সিটি জরিপে আবেদনকারীর নামে জমিটি রেকর্ড না হয়ে ৫৬২ নম্বর খতিয়ানে মোহাম্মদ ওয়াজ উদ্দিন, পিতা হাজী আফাজ উদ্দিনের নামে রেকর্ডভুক্ত হয়। এ নিয়ে খাদিজা ইসলাম ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে ১১৭৩/০৮ নম্বর মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে ওই মামলার আদেশের ভিত্তিতে সংশ্লিষ্ট দপ্তরে ১৪৪/১৩ নম্বর মিস মোকদ্দমার আদেশ অনুযায়ী তার অনুকূলে ১৫৩০ নম্বর খতিয়ান সৃষ্টি করা হয় এবং ১৫৬/৮ নম্বর জোত খোলা হয়। খাদিজা ইসলাম অবৈধভাবে দখল করে জমিটির একাংশে খাবারের হোটেল নির্মাণ করে ব্যবসা পরিচালনা করেন। অবশিষ্ট অংশে নির্মাণ ইন্টারন্যাশনাল ডেভেলপার কোম্পানির সাইনবোর্ডসহ নির্মাণসামগ্রী রাখা হয়।

আপিল বিভাগে সরকারের পক্ষে রায়, জমি সরকারি সম্পত্তি ঘোষণা
জমিটির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে নিম্ন আদালত থেকে শুরু করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ পর্যন্ত একাধিক দেওয়ানি মামলা পরিচালিত হয়েছে। প্রশাসনিক নথিতে দেওয়ানি মামলা নম্বর ৪৮৩/১৯৭৪, ১১৩/১৯৮৪, ১১২/১৯৮৪, ৬৬/১৯৯০ এবং দেওয়ানি আপিল নম্বর ১৬৭/২০১০-এর কথা উল্লেখ রয়েছে।
এ ছাড়া ট্রান্সফার আপিল নম্বর ৭, ৮, ৯, ১০ ও ১১/২০১৪, সিভিল পিটিশন ফর লিভ টু আপিল ৪২৩২/২০১৮ এবং সিভিল আপিল ৩০-৩২/২০১৭-সহ একাধিক মামলা ও আপিলের বিষয়ও নথিতে এসেছে। এসব মামলার দীর্ঘ শুনানি শেষে ২০১৯ সালের ১৪ মে তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ বাংলাদেশের সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুসারে ‘কমপ্লিট জাস্টিস’ প্রদান করে সরকারের পক্ষে রায় দেন।
প্রশাসনিক প্রতিবেদনের বিবরণ অনুযায়ী, ওই রায়ে জমিটিকে সরকারি সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয় এবং সরকারি খাস দখলে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী সময়ে ওই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন নম্বর ৪১১/২০১৯ ও ৩৯২/২০১৯ দায়ের করা হয়। কিন্তু ২০২২ সালের ২১ জুলাই প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের ১ নম্বর বেঞ্চ রিভিউ আবেদন দুটি খারিজ করে দেন। এর ফলে জমিটির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিচারিক বিরোধের অবসান ঘটে এবং আপিল বিভাগের রায়ের ভিত্তিতে সরকার জমিটির মালিকানা ও দখল গ্রহণের বিষয়ে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের সুযোগ পায়।

খাস খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ, রেকর্ড সংশোধন
আপিল বিভাগের রায়ের পর জমিটির দখল গ্রহণ ও রেকর্ড সংশোধনের বিষয়ে ভূমি মন্ত্রণালয় পদক্ষেপ নেয়। নথিতে উল্লেখ রয়েছে, ভূমি মন্ত্রণালয়ের খাসজমি-১ অধিশাখা ২০২২ সালের ২০ ডিসেম্বর ৩১,০০,০০০০.০৪.৪১.১৮৬.২২-৩৯২ নম্বর স্মারকে ঢাকা জেলার মতিঝিল মৌজার সিটি জরিপ ৫৬২ নম্বর খতিয়ানের ২৩১ নম্বর দাগের ০.২১১২ একর জমির দখল গ্রহণ এবং রেকর্ড সংশোধন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়।

এর ধারাবাহিকতায় জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা (রাজস্ব শাখা) ২০২৩ সালের ১৭ জানুয়ারি সংশ্লিষ্ট নির্দেশনা জারি করে। পরে সংশ্লিষ্ট কার্যালয়ের ৬৮/২৩ নম্বর মিসকেসের ২০২৩ সালের ২৬ এপ্রিলের আদেশে খাদিজা ইসলামের নামে আগে সৃষ্ট ১৫৩০ নম্বর খতিয়ানের ১৫৬/৮ নম্বর জোতের ০.১৯৮০ একর জমি কর্তন করা হয়। একই সঙ্গে জমিটি ০১ নম্বর খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ আদালতের রায় ও ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে ভুয়া মালিকানা দাবিদার ভূমিদস্যু খাদিজা ইসলামের নামে থাকা আগের রেকর্ড বাতিল করে জমিটি সরকারি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করার প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

এনএসআইয়ের কার্যালয় নির্মাণের জন্যও ছিল বন্দোবস্তের উদ্যোগ
প্রশাসনিক নথিতে জমিটি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) অফিস ভবন নির্মাণের জন্য দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দেওয়ার একটি উদ্যোগের কথাও উঠে এসেছে। নথির বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ১০ মে সহকারী কমিশনার (ভূমি), মতিঝিল রাজস্ব সার্কেল, ঢাকা থেকে সংশ্লিষ্ট জমি এনএসআইয়ের অনুকূলে দীর্ঘমেয়াদি বন্দোবস্তের প্রস্তাব পাঠানো হয়। পরবর্তী সময়ে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের ২০২৩ সালের ১৯ মে তারিখের স্মারকে প্রস্তাবটি ভূমি মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়।
এর পরিপ্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয় ২০২৩ সালের ১২ জুন ১৫২ নম্বর স্মারকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, সেগুনবাগিচা, ঢাকার অনুকূলে অকৃষি খাসজমি দীর্ঘমেয়াদি বন্দোবস্ত প্রদানের লক্ষ্যে কয়েকটি প্রয়োজনীয় কাগজপত্র চায়। সেগুলো হলো- ১. খতিয়ানের সত্যায়িত অনুলিপি-সিএস, এসএ, আরএস ও সর্বশেষ রেকর্ড। ২. সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা কার্যালয়ের প্রশাসনিক অনুমোদনপত্র। ৩. প্রস্তাবিত জমির দুই কপি লে-আউট প্ল্যান।

তবে প্রশাসনিক প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদনপত্র দাখিল না করায় পরবর্তী সময়ে ভূমি মন্ত্রণালয়ে আর প্রয়োজনীয় তথ্যাদি পাঠানো হয়নি। ফলে এনএসআইয়ের অনুকূলে জমিটি বন্দোবস্ত দেওয়ার প্রক্রিয়া আর এগোয়নি বলে নথিতে উল্লেখ রয়েছে। কিন্তু এর পরিবর্তে উল্টো সেই ভূমিদস্যু খাদিজা ইসলামের নামে জমি বা প্লটটি বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম, তাও কমমূল্যে এবং সম্পূর্ণ অবৈধভাবে।





কমেন্ট বক্স