ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার রুটিন প্রকাশ

অনলাইন ডেস্ক
৩০ মিনিট আগে
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার রুটিন প্রকাশ
২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছেন তাদের সম্পূরক পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের মধ্যদিয়ে সম্পূরক এই পরীক্ষা শুরু হচ্ছে, যা চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত সম্পূরক পরীক্ষার রুটিন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, সংশ্লিষ্ট সবার জন্য জানানো যাচ্ছে যে, উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি ও সমমান) সাপ্লিমেন্টারি পরীক্ষা ২০২৬ বর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

প্রকাশিত রুটি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইংরেজি প্রথম পত্রের এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইংরেজি দ্বিতীয় পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হবে। পাশাপাশি ২ ডিসেম্বর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ৩ ডিসেম্বর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা এবং ৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‎এ ছাড়া অন্যান্য বিষয়গুলোর পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী চলবে।

সবশেষ আগামী ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে। এছাড়া ব্যবহারিক পরীক্ষাও ১৫ ডিসেম্বরের মধ্যেই শেষ করতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে রুটিনে।

গত ৩১ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এ বছর এইচএসসিতে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। সবমিলিয়ে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাস করেছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৬ জন। তবে এক ও দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। এর মধ্যে এক বিষয়ে ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

ফলাফল ঘোষণার দিনই দু-এক মাসের মধ্যেই অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এরই ধারাবাহিকতায় আগামী ১ ডিসেম্বর থেকে অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা শুরু হচ্ছে।





কমেন্ট বক্স