ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-পাবনা রুটে সরাসরি আন্তঃনগর ট্রেন উদ্বোধন ১৯ নভেম্বর

অনলাইন ডেস্ক
১০ মিনিট আগে
ঢাকা-পাবনা রুটে সরাসরি আন্তঃনগর ট্রেন উদ্বোধন ১৯ নভেম্বর
পাবনাবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজধানী ঢাকার সঙ্গে জেলার সরাসরি রেল যোগাযোগ শুরু হতে যাচ্ছে। আগামী ১৯ নভেম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে নতুন দুটি আন্তঃনগর ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। নতুন এই রেলসেবাকে সামনে রেখে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে ট্রেন দুটির অনলাইন টিকিট বিক্রি কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম পর্যায়ে বৃহস্পতিবার থেকে আগামী ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার অগ্রিম টিকিট অনলাইনে উন্মুক্ত করা হয়েছে। পরবর্তীতে রেলওয়ের প্রচলিত নিয়ম মেনেই যাত্রার ১০ দিন আগে থেকে টিকিট সংগ্রহ করা যাবে।

তবে উদ্বোধনী দিন অর্থাৎ ১৯ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামের বিশেষ ট্রেনটির টিকিট অনলাইনে পাওয়া যাবে না। ওই বিশেষ যাত্রার টিকিট কেবল পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে সংগ্রহ করতে হবে। উদ্বোধনী যাত্রায় ট্রেনটি পথে শুধুমাত্র ঈশ্বরদী স্টেশনে বিরতি দেবে।

রেলওয়ের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ২০ নভেম্বর থেকে ট্রেন দুটির নিয়মিত বাণিজ্যিক চলাচল শুরু হবে। ওই দিন বিকেল ৩টা ২৫ মিনিটে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে পাবনার উদ্দেশে যাত্রা করবে। এরপর ২১ নভেম্বর সকাল ৮টায় ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। নিয়মিত চলাচলের সময় ট্রেন দুটি উভয় পথে ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।

এদিকে, ঐতিহাসিক এই উদ্বোধনী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার সকালে পাবনা জেলা পরিষদের রশীদ হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু এবং সঞ্চালনা করেন আবুল বাসার খান জুয়েল।

সভায় জেলার বিশিষ্ট নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, বহুল প্রতীক্ষিত এই সরাসরি রেল যোগাযোগ চালুর মধ্য দিয়ে পাবনাবাসীর যাতায়াত আরও সাশ্রয়ী, নিরাপদ ও আরামদায়ক হবে। একই সঙ্গে জেলার শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে এটি নতুন দিগন্ত উন্মোচন করবে। ট্রেন দুটির চলাচল নির্বিঘ্ন রাখতে সুষ্ঠু ব্যবস্থাপনা ও মানসম্মত যাত্রীসেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা।





কমেন্ট বক্স