তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে এবং সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য নিশ্চিত করতে বিশেষ ওপেন মার্কেট সেল (ওএমএস) কর্মসূচি চালু করেছে সরকার। এই উদ্যোগের আওতায় একজন শ্রমিক প্রতি কেজি মাত্র ৩০ টাকা দরে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) থেকে প্রাথমিকভাবে দেশের চারটি শিল্পঘন জেলায় এই বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে।
খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে ঢাকা মহানগর ও জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার শিল্পাঞ্চলগুলোতে খোলা ট্রাকের মাধ্যমে এই চাল বিক্রি করা হবে। মূলত শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিনকে বিবেচনায় নিয়ে এই কর্মসূচির সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, প্রতি শুক্রবার দুই ধাপে ট্রাকসেল কার্যক্রম পরিচালিত হবে। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রথম দফায় এবং বিকেল আড়াইটা থেকে ৫টা পর্যন্ত দ্বিতীয় দফায় শ্রমিকেরা চাল সংগ্রহ করতে পারবেন। তবে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে চালের পর্যাপ্ত মজুত থাকা সাপেক্ষে এই বিক্রি চলমান থাকবে।
ভর্তুকি মূল্যের এই চাল পেতে শ্রমিকদের নির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণ করতে হবে। বিক্রয়কেন্দ্রে এসে সংশ্লিষ্ট শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলের (গার্মেন্টসের) বৈধ পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। এ ছাড়া, স্বচ্ছতা বজায় রাখতে প্রতিষ্ঠানের মাস্টার রোলে স্বাক্ষর নেওয়ার মাধ্যমে চাল সরবরাহ করা হবে।
খাদ্য মন্ত্রণালয়ের অধীনস্থ খাদ্য অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে এই বিশেষ ওএমএস কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অনিয়ম রুখতে মন্ত্রণালয় ও অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক তদারকি বা মনিটরিং টিম গঠন করা হয়েছে।