ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কার্যক্রম

আন্তর্জাতিক ডেস্ক
১০ ঘন্টা আগে
বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কার্যক্রম
বড় ধরনের কারিগরি বিভ্রাটের কবলে পড়ে টানা পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে অচল ছিল প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের একাধিক গুরুত্বপূর্ণ সেবা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঘটে যাওয়া এই বিপর্যয়ের ফলে মাইক্রোসফট ৩৬৫, আউটলুক এবং টিমসের মতো নিত্যপ্রয়োজনীয় অ্যাপগুলো ব্যবহার করতে না পেরে বিশ্বজুড়ে চরম ভোগান্তিতে পড়েন লাখো ব্যবহারকারী। এই বিভ্রাটের ধাক্কা লেগেছে শীর্ষস্থানীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই এবং অ্যানথ্রপিকের সেবায়ও।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’-এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় (ইটি) দুপুর ১টার দিকে শুধু আউটলুক ব্যবহারে সমস্যার অভিযোগ সর্বোচ্চ ১ লাখ ৩৮ হাজার ছাড়িয়ে যায়। তবে মাইক্রোসফটের প্রকৌশলীদের নিরলস চেষ্টায় সন্ধ্যা নাগাদ পরিস্থিতি কিছুটা উন্নতি হতে শুরু করে এবং অভিযোগের সংখ্যা কমে ৩৪ হাজারের নিচে নেমে আসে।

সন্ধ্যা ৬টা পর্যন্ত পাওয়া সবশেষ তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত সার্ভারগুলো পর্যায়ক্রমে সচল করার কাজ চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। যেসব সার্ভার পুনরুদ্ধার করা হয়েছে সেগুলো স্থিতিশীল রয়েছে এবং বিকল্প পথে ডেটা ট্র্যাফিক সরিয়ে নিয়ে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক করার প্রক্রিয়া চলমান আছে।

দিনের শুরুতে মাইক্রোসফট স্পষ্ট করেছিল যে, অতিরিক্ত ব্যবহারকারীর চাপে নয় বরং বেশ কয়েকটি সার্ভার অপ্রত্যাশিতভাবে অকার্যকর হয়ে পড়ায় এই অনাকাঙ্ক্ষিত লোডের সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, মূলত ‘এক্সচেঞ্জ অনলাইন’ এবং মাইক্রোসফট ৩৬৫ ব্যবহারকারীরাই সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছেন। সন্ধ্যা পৌনে ৬টার দিকে মাইক্রোসফট ৩৬৫-এর অভিযোগ কমে ১৩ হাজারে এবং টিমস সংক্রান্ত অভিযোগ ৭৬৩টিতে নেমে আসে।

মাইক্রোসফটের এই সার্ভার বিপর্যয়ের প্রভাব পড়েছে কর্পোরেট ও এআই খাতের দৈনন্দিন কার্যক্রমেও। ওপেনএআই জানিয়েছে, মাইক্রোসফট কানেক্টরে জটিলতার কারণে তাদের টুলগুলো প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না এবং নতুন সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। একইভাবে অ্যানথ্রপিক জানিয়েছে, আপস্ট্রিম প্রোভাইডারের ত্রুটির কারণে তাদের মাইক্রোসফট ৩৬৫ কানেক্টরগুলো বাধাগ্রস্ত হচ্ছে।

অন্যদিকে, বৈশ্বিক এই প্রযুক্তিগত অচলাবস্থার কারণে নিজেদের তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশের তারিখ পিছিয়ে দিতে বাধ্য হয়েছে বৈদ্যুতিক ট্রাক নির্মাতা প্রতিষ্ঠান ‘ওয়ার্কহর্স গ্রুপ’। ১২ নভেম্বর এই প্রতিবেদন প্রকাশের কথা থাকলেও তা পিছিয়ে আগামী ১৬ নভেম্বর পুনর্নির্ধারণ করা হয়েছে।

এখন পর্যন্ত মাইক্রোসফটের সার্ভার পুনরুদ্ধার প্রক্রিয়া চলমান থাকায় পরবর্তীতে পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হয়েছে কি না-সে বিষয়ে নতুন কোনো আনুষ্ঠানিক আপডেট তথ্য হাতে আসেনি।





কমেন্ট বক্স