ওয়াশিংটনের সামরিক শক্তি এবং তেহরানের বিরুদ্ধে এর কার্যকারিতা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে যে আলোচনা চলছে, তা মূলত বস্তুগত ধ্বংসযজ্ঞ এবং রাজনৈতিক বিজয়ের মধ্যকার গভীর ব্যবধানটিকে স্পষ্ট করে তোলে।
সম্প্রতি মার্কিন কৌশলগত নীতি ও ইরানের ভূগর্ভস্থ স্থাপনাগুলোকে লক্ষ্য করে যেকোনো সম্ভাব্য আক্রমণ নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে যেসব জল্পনা-কল্পনা শুরু হয়েছে, তাতে এই প্রশ্নটি নতুন করে সামনে চলে এসেছে যে, অত্যন্ত শক্তিশালী অস্ত্র ব্যবহারের পরেও তেহরানকে কৌশলগতভাবে পরাজিত করা সম্ভব কি না।
বিশ্লেষকরা মনে করেন, এই আলোচনার গুরুত্ব কেবল চরম সামরিক পরিস্থিতি কল্পনা করার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এটি এমন একটি দেশের মুখোমুখি দাঁড়ানোর ক্ষেত্রে মার্কিন সামরিক শক্তির বাস্তব সীমার দিকটি নির্দেশ করে, যার মূল সামর্থ্য কেবল কোনো নির্দিষ্ট ভৌগোলিক বিন্দু বা দৃশ্যমান কিছু স্থাপনার মধ্যে সীমাবদ্ধ নয়।
প্রথমত, বিজ্ঞান ও প্রযুক্তিগত জ্ঞানকে যে বোমা মেরে বা হামলা চালিয়ে মুছে ফেলা যায় না, তা এই আলোচনার একটি বড় দিক। অবকাঠামো বা ভৌত স্থাপনাগুলো সামরিক অভিযানে ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু কয়েক দশক ধরে তিল তিল করে গড়ে ওঠা বিশেষজ্ঞ নেটওয়ার্ক, কর্মদক্ষতা এবং প্রযুক্তি আয়ত্ত করার ক্ষমতা ধ্বংস করা অতটা সহজ নয়।
ইরানের দীর্ঘদিনের বৈজ্ঞানিক ও প্রতিরক্ষা খাতের অর্জিত অভিজ্ঞতা এমন এক জায়গায় পৌঁছেছে, যেখানে কেবল ভৌত অবকাঠামো ধ্বংস করলেই তা পুরোপুরি মুছে ফেলা সম্ভব নয়। অবকাঠামো ধ্বংস করা এবং সেই সক্ষমতা পুনরুৎপাদনের ক্ষমতা চিরতরে কেড়ে নেওয়া, দুটি সম্পূর্ণ আলাদা বিষয়।
দ্বিতীয়ত, সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে অপারেশনাল বা অভিযানগত বিজয় অর্জন এবং একটি দীর্ঘমেয়াদি কৌশলগত ও রাজনৈতিক বিজয় অর্জনের মধ্যে একটি মৌলিক ফার্ক রয়েছে। মার্কিন সামরিক বাহিনীর দীর্ঘ পাল্লার আধুনিক অস্ত্র দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ব্যাপক ক্ষতিসাধনের ক্ষমতা থাকলেও কেবল সামরিক সরঞ্জাম ধ্বংস করার মাধ্যমেই যে রাজনৈতিক লক্ষ্য অর্জন করা যায়; এমন কোনো নিশ্চয়তা নেই।
সামরিক শক্তির প্রকৃত উদ্দেশ্য কেবল প্রতিপক্ষের অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া নয় বরং এমন একটি পরিস্থিতি তৈরি করা যাতে প্রতিপক্ষ নিজ নীতি বদলাতে বাধ্য হয়। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় যে, শুধু ধ্বংসাত্মক শক্তি প্রয়োগ করে কোনো দেশের রাজনৈতিক ও জাতীয় ইচ্ছাশক্তিকে পুরোপুরি ভেঙে দেওয়া যায় না।
তৃতীয়ত, কোনো ধরনের অপ্রচলিত বা পারমাণবিক অস্ত্র ব্যবহারের চিন্তা করা হলে তা কেবল একটি দেশের বিরুদ্ধে সামরিক অভিযান হিসেবে সীমাবদ্ধ থাকে না বরং তা আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে এক ভয়াবহ সংকটের জন্ম দিতে পারে। বৈশ্বিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ (নন-প্রলিফারেশন) নীতি রক্ষার দাবিদার হিসেবে আমেরিকা দীর্ঘদিন ধরে যে অবস্থান নিয়ে আসছিল, এ ধরনের পদক্ষেপ সেই দাবির সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক হবে।
এর ফলে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার মুখে পড়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও নৈতিক অবস্থানও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া এই ধরনের পদক্ষেপ বৈশ্বিক নিরাপত্তা কাঠামোর ভেতরে অন্যান্য দেশের মধ্যেও বড় ধরণের উদ্বেগের জন্ম দেবে এবং তাদের নিজস্ব প্রতিরক্ষা নীতি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে।
চতুর্থত, এ ধরনের চরম পদক্ষেপের পরিণতি কেবল ইরানের ভৌগোলিক সীমানার ভেতরেই সীমাবদ্ধ থাকে না। মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি, পরিবেশ এবং আঞ্চলিক নিরাপত্তার ওপর এর সুদূরপ্রসারী ও মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে পারে।
তেজস্ক্রিয় দূষণ এবং পরিবেশগত বিপর্যয় কেবল ইরান নয়, বরং পার্শ্ববর্তী দেশগুলোর জনজীবন, কৃষি এবং পানিসম্পদের জন্য ভয়াবহ ঝুঁকি তৈরি করতে পারে। তাছাড়া সংঘাত যদি এই পর্যায়ে গড়ায়, তবে তা এই অঞ্চলের সামগ্রিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক জ্বালানি বাণিজ্য রুটগুলোকে এক চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে দেবে।
সব মিলিয়ে, তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের সামরিক শক্তির পরিধি এবং এর সীমাবদ্ধতা নিয়ে পর্যালোচনায় এটিই স্পষ্ট হয় যে, যেকোনো দেশের সামরিক শ্রেষ্ঠত্বই চূড়ান্ত রাজনৈতিক ফলাফলের গ্যারান্টি হতে পারে না।
বিপুল পরিমাণ ধ্বংসাত্মক অস্ত্র বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতি সাধনের ক্ষমতা থাকলেও তা কোনো জাতির রাজনৈতিক ইচ্ছা, পুনর্গঠনের সক্ষমতা এবং জাতীয় শক্তিকে ধ্বংস করতে পারে না। রণক্ষেত্রের সামরিক সাফল্য আর রাজনীতির ময়দানের চূড়ান্ত বিজয় যে সম্পূর্ণ দুটি ভিন্ন বিষয়, বর্তমান ভূরাজনৈতিক অবস্থাও সেটাই বারবার প্রমাণ করছে।
সূত্র: মেহের নিউজ