ব্যবসায়িক সংকট, ব্যাংকঋণ ও কারখানা বন্ধের খবর ঘিরে কয়েক দিন ধরেই আলোচনায় ঢালিউডের অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা আলোচনা-সমালোচনা।
এর মধ্যেই নিজের জন্য দোয়া করা এবং ইতিবাচক পোস্ট ও ভিডিও প্রকাশ করা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। একই সঙ্গে টিআরপির জন্য তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কাজ করা ব্যক্তিদের উদ্দেশেও দিয়েছেন এক বিশেষ বার্তা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অনন্ত জলিল আল্লাহর ওপর ভরসার কথা তুলে ধরেন।
পোস্টের শুরুতে পবিত্র কোরআনের সুরা ফাতিহার আয়াতের অংশ ‘ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাসতা’ঈন’ উল্লেখ করেন তিনি। এর অর্থ ‘আমরা কেবল আল্লাহরই ইবাদত করি এবং তার কাছেই সাহায্য প্রার্থনা করি।’
এরপর লেখেন, ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল।’ অর্থাৎ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী ও কার্যসম্পাদনকারী।
পোস্টে অনন্ত জলিল বলেন, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে তার জন্য দোয়া করেছেন, ভালো ভালো পোস্ট দিয়েছেন এবং ইতিবাচক ভিডিও প্রকাশ করেছেন, তাদের প্রতি তার কৃতজ্ঞতা ও ভালোবাসা রয়েছে।
অন্যদিকে, যারা টিআরপির জন্য তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কাজ করেছেন, তাদেরও ধন্যবাদ জানান তিনি। তবে তাদের উদ্দেশে আল্লাহর কাছে হেদায়েত কামনা করেছেন এই অভিনেতা।
অনন্ত জলিলের এই পোস্ট এমন একসময় এলো, যখন তার ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ে নানা খবর প্রকাশিত হচ্ছে।
সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে তার মালিকানাধীন এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণের বিপরীতে ২২৬ কোটি ৭৫ লাখ টাকা আদায়ে আইনি নোটিশ পাঠানোর খবর সামনে এসেছে।
পাশাপাশি তার কয়েকটি কারখানা বন্ধের পরিস্থিতি এবং শ্রমিকদের কর্মসংস্থান নিয়েও আলোচনা তৈরি হয়েছে।
পোস্টের শেষে ‘আমিন’ লিখে সবার প্রতি ধন্যবাদ জানান তিনি।