ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সার বিতরণে অনিয়মের অভিযোগ পেলেই ডিলারশিপ বাতিল: প্রতিমন্ত্রী অমিত

অনলাইন ডেস্ক
৩ ঘন্টা আগে
সার বিতরণে অনিয়মের অভিযোগ পেলেই ডিলারশিপ বাতিল: প্রতিমন্ত্রী অমিত
সার বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, অনিয়মের প্রমাণ পাওয়া গেলে ডিলারশিপ বাতিলের পাশাপাশি দায়ীদের আইনের আওতায় আনা হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) যশোর সদর উপজেলার দুস্থ ও অসহায় পরিবার এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের সহায়তায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, সুষ্ঠুভাবে সার বিতরণ নিশ্চিত করতে সার-বীজ মনিটরিং কমিটি ঢেলে সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কোনো সার ডিলারের রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় বিবেচনা করা হবে না। অনিয়মের অভিযোগ উঠলেই ব্যবস্থা নেওয়া হবে।

যশোর জেনারেল হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর বিষয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সেখানে খুব শিগগিরই এ ইউনিট চালু করা হবে।

হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) পূর্ণাঙ্গ করার কাজ চলছে। আগামী বছরের জুনের মধ্যে এটি চালুর লক্ষ্য রয়েছে। সিসিইউ পূর্ণাঙ্গভাবে চালুর পর কিডনি ডায়ালাইসিস ইউনিট চালু করা হবে, যাতে সাধারণ মানুষ সরকারি ব্যবস্থাপনায় এ সেবা পেতে পারেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ২০০টি দুস্থ ও অসহায় পরিবার এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকার অনুদানের চেক দেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, অর্থের অভাবে কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবেন না, আবার কোনো মেধাবীর পড়াশোনাও বন্ধ হবে না—এটি নিশ্চিত করতে চায় সরকার। আগে সরকারি ভাতা পেতে অর্থ লেনদেন করতে হতো কিংবা জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিতে হতো বলে অভিযোগ ছিল। এখন থেকে ভাতার জন্য কাউকে অর্থ দিতে হবে না বা কারও কাছে ধরনা দিতে হবে না।

প্রতিমন্ত্রী আরও বলেন, ভাতা পেতে কেউ অর্থ লেনদেন করলে তিনি যেমন কার্ড পাবেন না, তেমনি যিনি অর্থ নেবেন, তাঁর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি ক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে চায় সরকার। জনপ্রতিনিধিদের পাশাপাশি সরকারি কর্মকর্তাদেরও জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যশোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ রায়। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার হক।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক এবং আশরাফুজ্জামান মিঠু প্রমুখ।





কমেন্ট বক্স