ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এবিজি ইউনিভার্সিটি কাপের ফাইনালে ফারহানের ঝোড়ো ফিফটি

অনলাইন ডেস্ক
২ ঘন্টা আগে
এবিজি ইউনিভার্সিটি কাপের ফাইনালে ফারহানের ঝোড়ো ফিফটি
এবিজি ইউনিভার্সিটি কাপের ফাইনাল ঘিরে আনভীর ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে তখন দুই বিশ্ববিদ্যালয়ের সমর্থকদের উচ্ছ্বাস আর স্লোগানে মুখর পরিবেশ। মাঠেও উত্তেজনার কমতি নেই। তবে ব্যাট হাতে সব আলো কেড়ে নিলেন ইউল্যাবের ওপেনার ফারহান জানি। তার ১১ ছক্কার বিধ্বংসী ইনিংসে সোনারগাঁও ইউনিভার্সিটির বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ২০৫ রানের পাহাড় গড়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।

শিরোপা জিততে সোনারগাঁওয়ের লক্ষ্য ২০৬ রান। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ইউল্যাবের দুই ওপেনার ফারহান জানি ও শাবাব জামিল ফেরদাউস।

উদ্বোধনী জুটিতে ১০.৩ ওভারে ৯৩ রান যোগ করেন তারা। ৩টি চার ও ২টি ছক্কায় ১২০ স্ট্রাইক রেটে ব্যাট করা ফেরদাউসকে ফাহিমের ক্যাচে পরিণত করে প্রথম সাফল্য পায় সোনারগাঁও।

এরপর ক্রিজে এসে ফারহানের সঙ্গে ঝড় তোলেন জাকিরুল আহমেদ। ১৮০ স্ট্রাইক রেটে ২টি চার ও ২টি ছক্কায় দ্রুত রান তুলছিলেন তিনি। তবে দলীয় ১৪৯ রানে ফাহিমের সরাসরি থ্রোতে রানআউট হয়ে ফিরতে হয় জাকিরুলকে। তাতে অবশ্য ইউল্যাবের রানের গতি থামেনি।

এক প্রান্ত আগলে রেখে সোনারগাঁওয়ের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান ফারহান। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৩টি চার ও ১১টি ছক্কায় ১৭৮.৬৯ স্ট্রাইক রেটে ব্যাট করেন তিনি। শেষ দিকে ঝড় তোলেন মাহবুব নিলয়ও। ৫টি চারে ১৬২.৫০ স্ট্রাইক রেটে অপরাজিত থাকেন তিনি।

সোনারগাঁওয়ের বোলারদের মধ্যে সবচেয়ে মিতব্যয়ী ছিলেন আসিফ হাসান। ৪ ওভারে মাত্র ১১ রান দিলেও কোনো উইকেট পাননি তিনি। জীবন ৪ ওভারে খরচ করেন ৪৪ রান। মাইদুল ইসলাম শিকার করেন একটি উইকেট।





কমেন্ট বক্স