ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হোয়াইট হাউসে ছাঁটাইয়ের শঙ্কায় বাণিজ্যমন্ত্রী লুটনিক

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মিনিট আগে
হোয়াইট হাউসে ছাঁটাইয়ের শঙ্কায় বাণিজ্যমন্ত্রী লুটনিক
চীনে এনভিডিয়ার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চিপ রপ্তানি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ না নেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের পদ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাঁকে মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হবে কি না, তা নিয়ে হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ বিষয়ে অবগত দুই ব্যক্তির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চীনের কয়েক ডজন প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত না করায় ট্রাম্প প্রশাসন সমালোচনার মুখে পড়েছে। একই সঙ্গে চীনে এনভিডিয়ার উন্নত এআই চিপ রপ্তানির ক্ষেত্রে সরকারের নজরদারি নিয়েও প্রশ্ন তুলেছেন মার্কিন আইনপ্রণেতারা। এসব ঘটনায় বাণিজ্যমন্ত্রী হিসেবে লুটনিকের ভূমিকা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে।

রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর হোয়াইট হাউস ও বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে এর আগে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছিলেন, বাণিজ্যমন্ত্রী এবং তাঁর কাজের সক্ষমতার ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ণ আস্থা রয়েছে।

গত জুনে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, চীনের এআই স্টার্টআপ ডিপসিক, মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান সিএক্সএমটি এবং জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত আরও শতাধিক প্রতিষ্ঠানকে বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় রাখার পরিকল্পনা থেকে সরে এসেছিল ট্রাম্প প্রশাসন।

বাণিজ্যমন্ত্রী হিসেবে লুটনিকের দায়িত্বে থাকা উচিত কি না, সিএনএনের এমন প্রশ্নের জবাবে রিপাবলিকান সিনেটর জন কেনেডি বলেন, এ বিষয়ে তিনি এখনো নিশ্চিত নন। লুটনিককে প্রকাশ্যে ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি ও আরও কয়েকজন আইনপ্রণেতা। কংগ্রেসেও তাঁকে জবাবদিহি করতে হতে পারে।

গত বছরের অক্টোবরের পর থেকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার ওই তালিকায় নতুন কোনো চীনা প্রতিষ্ঠানের নাম যুক্ত হয়নি। এক দশকের বেশি সময়ের মধ্যে এত দীর্ঘ বিরতি আগে দেখা যায়নি। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বাড়ার আশঙ্কায় নতুন প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে না বলে এর আগে জানিয়েছিল রয়টার্স।

ম্যাসাচুসেটসের ডেমোক্রেটিক সিনেটর এলিজাবেথ ওয়ারেন অভিযোগ করেছেন, রপ্তানি নিয়ন্ত্রণের ফাঁকফোকর বন্ধ করতে লুটনিক ও বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা যথাযথ পদক্ষেপ নেননি। উন্নত মার্কিন প্রযুক্তি যাতে চীনের সামরিক শক্তি বাড়াতে ব্যবহৃত না হয়, তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

ওয়ারেন ও সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটির পরবর্তী সভাপতি ক্রিস কুনস বাণিজ্যমন্ত্রী লুটনিক, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারকে চিঠি দিয়েছেন। এতে চীনে এনভিডিয়ার উন্নত এআই চিপ রপ্তানি এবং সংশ্লিষ্ট জাতীয় নিরাপত্তাঝুঁকি নিয়ে সব নথি সংরক্ষণের আহ্বান জানানো হয়েছে।

এনভিডিয়ার সদ্য সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে থাকা অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশের পর বৃহস্পতিবার পদ ছাড়ার ঘোষণা দেন তিনি। অ্যালিস সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের একজন নির্বাহী। ২০২৪ সালের জুন থেকে প্রতিষ্ঠানটি এনভিডিয়ার কাছ থেকে ৪৮০ কোটি ডলারের বেশি মূল্যের উন্নত এআই চিপ কিনেছে।

এদিকে মার্কিন সিনেটের অর্থবিষয়ক কমিটি এবং প্রতিনিধি পরিষদের ওয়েজ অ্যান্ড মিনস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য রন ওয়াইডেন ও রিচার্ড নিল লুটনিককে চিঠি দিয়েছেন। চীনা সরকার, দেশটির সামরিক বাহিনী এবং নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট চীনা প্রতিষ্ঠানগুলোর কাছে এনভিডিয়ার উন্নত এআই চিপ বিক্রির অনুমোদনে ট্রাম্প প্রশাসনের ভূমিকা খতিয়ে দেখছেন তাঁরা।

২০২৫ সালের ডিসেম্বরে এনভিডিয়াকে চীনে উন্নত এইচ২০০ চিপ বিক্রির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন আইনপ্রণেতারা। তাঁদের অভিযোগ, বিক্রির অর্থের একটি অংশ মার্কিন সরকারকে দেওয়ার শর্তে এই অনুমতি দেওয়া হয়েছিল। তাঁরা এ ব্যবস্থাকে অসাংবিধানিক রপ্তানি কর হিসেবে অভিহিত করেছেন।

জেনসেন হুয়াং বরাবরই চীনে আরও বেশি চিপ বিক্রির পক্ষে ছিলেন। তবে যুক্তরাষ্ট্রের দুই দলেরই চীন বিষয়ে কঠোর অবস্থানের সমর্থক আইনপ্রণেতারা বেইজিংয়ের কাছে উন্নত প্রযুক্তির প্রবেশাধিকার সীমিত করার দাবি জানিয়ে আসছেন।





কমেন্ট বক্স